নিজস্ব প্রতিবেদক
যশোর সদরের দেয়াপাড়ার কৃষক প্রহ্লাদ সাহার বাড়ির দস্যুতার ঘটনায় ৪ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। মামলার তদন্ত শেষে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন আদালতে এ চার্জশিট জমা দেন।
চার্জশিটভুক্ত অভিযুক্ত আসামিরা হলো—যশোর সদরের ঘোপ গ্রামের নওশের লস্কর মনুর ছেলে লিটন লস্কর, ভায়না গ্রামের সুবল চৌধুরীর ছেলে সুজয় কুমার চৌধুরী, শালিয়াট গ্রামের আলতাফ হোসেনের ছেলে ইমলাক হোসেন ও মৃত সুলতান মন্ডলের ছেলে সুমন মন্ডল।
মামলার অভিযোগে জানা গেছে, বাদী প্রহ্লাদ সাহা কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। ২০২৫ সালের ১১ আগস্ট সকালে অপরিচিত এক ব্যক্তি তাঁর বাড়িতে এসে একটি ওল বাকিতে ক্রয় করে নিয়ে যান। ওই দিন গভীর রাতে তাঁর স্ত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তেঁতুলগোলা খাওয়ানোর পর তিনি কিছুটা সুস্থ হন। এর মধ্যে পরিবারের সকলে ঘুমিয়ে পড়লে আসামিরা ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে বাড়ির লোকজনদের জিম্মি করে ১১ ভরি স্বর্ণের গহনা, নগদ ২ লাখ টাকা, মোবাইল ফোন ও দামি জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় কৃষক প্রহ্লাদ সাহা বাদী হয়ে ২৬ আগস্ট কোতোয়ালি থানায় মামলা করেন। মামলার তদন্তকালে পুলিশ আসামিদের আটক ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করে। দীর্ঘ তদন্ত শেষে আসামিদের দেওয়া তথ্য ও সাক্ষীদের বক্তব্যে ঘটনার সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় ওই ৪ জনকে অভিযুক্ত করে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা ও এসআই আলমগীর হোসেন। চার্জশিটে অভিযুক্ত ৪ আসামিকে আটক দেখানো হয়েছে।