ক্রীড়া ডেস্ক
ছবি: সংগৃহীত
জমকালো আয়োজনের মধ্য দিয়ে মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে পর্দা উঠেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী ম্যাচের ঘণ্টা দেড়েক আগে হওয়া এই জমকালো অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন লাতিন পপ কুইন শাকিরা। নাইজেরিয়ার গায়ক বার্না বয়ের সঙ্গে আজতেকাতেই এবারের বিশ্বকাপের অফিশিয়াল থিম সং ‘দাই দাই’ (ডাই ডাই) প্রথমবার লাইভ পরিবেশন করেন কলম্বিয়ান এই শিল্পী। কোটি কোটি দর্শককে মাতিয়ে সন্ধ্যার সবচেয়ে আলোচিত মুহূর্ত উপহার দিলেও, মঞ্চ মাতানোর কয়েক ঘণ্টার মধ্যেই তা জন্ম দিয়েছে নতুন বিতর্কের। সামাজিক যোগাযোগমাধ্যমে এখন ফুটবলপ্রেমী ও ভক্তদের মাঝে তুমুল আলোচনা চলছে—মঞ্চে পারফর্ম করা ওই শিল্পী কি সত্যিই আসল শাকিরা ছিলেন, নাকি তার কোনো ডামি বা বডি ডাবল?
বিশ্বকাপের মঞ্চের সঙ্গে ৪৯ বছর বয়সী শাকিরার মেলবন্ধন অবশ্য বেশ পুরোনো। এর আগে ২০০৬, ২০১০ এবং ২০১৪ সালের বিশ্বকাপেও নিজের কণ্ঠের জাদুতে ফুটবলবিশ্বকে মাতিয়েছেন তিনি। বিশেষ করে ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের অফিশিয়াল থিম সং ‘ওয়াকা ওয়াকা’ এখনো অনেকের মনে বিশ্বকাপের সেরা গান হিসেবে প্রথমে ভেসে ওঠে। দীর্ঘ এক যুগ পর আবারও বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে তার পারফরম্যান্স শেষ হতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্ন এক আলোচনা শুরু হয়। ভক্তদের একাংশের দাবি, মাঠ মাতানো সেই শাকিরা আসলে ‘আসল’ শাকিরা ছিলেনই না, বরং তার জায়গায় পারফর্ম করেছে অন্য কোনো ছদ্মবেশী রূপধারী বা ক্লোন। মাদ্রিদভিত্তিক ক্রীড়া দৈনিক মার্কা এবং ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য মিরর-এর প্রতিবেদনেও দর্শকদের এই সন্দেহের বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, এবার উদ্বোধনী মঞ্চে শাকিরার লুকটাই ভক্তদের মনে সবচেয়ে বড় সন্দেহের জন্ম দিয়েছে। অনুষ্ঠানে শাকিরা একটি হলুদ রঙের টপস, সাদা শর্টস এবং স্নিকার্স পরে হাজির হন। তবে রহস্য তৈরি করে তার চোখের বড় কালো সানগ্লাস, যা তার মুখের সিংহভাগ অংশই ঢেকে রেখেছিল। এ ছাড়া শাকিরার চিরচেনা সোনালী চুল এবার হালকা স্ট্রবেরি লাল রঙে রাঙানো ছিল। চেনা রূপের বাইরে এমন আকস্মিক চেহারায় দেখে ভক্তরা চমকে যান। অনেকের দাবি, মঞ্চে থাকা গায়িকার চলাফেরা, শারীরিক ভঙ্গি ও মুখাবয়ব শাকিরার পরিচিত উপস্থিতির সঙ্গে পুরোপুরি মিলছিল না। এমনকি ‘দাই দাই’ গানের একটি নির্দিষ্ট নাচের স্টেপ মিস করার বিষয়টি তুলে ধরে একজন ব্যবহারকারী দাবি করেন, মঞ্চে থাকা ব্যক্তি প্রকৃত শাকিরা নন। পুরো অনুষ্ঠানজুড়ে তার গাঢ় রঙের সানগ্লাস পরে থাকার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিম ও হাস্যরসাত্মক পোস্টের বন্যা বয়ে যাচ্ছে। স্প্যানিশ ভাষার এক ভক্ত লিখেছেন, ‘আমাকে বলবেন না যে আমি একাই ভাবছি এটা শাকিরার বডি ডাবল ছিল।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে তারা শাকিরার মতো দেখতে অন্য কাউকে কেন নিয়ে এলো?’
অবশ্য শাকিরা সত্যিই আজতেকায় ছিলেন কি না, এমন সন্দেহের পেছনে আরেকটি জোরালো কারণ উল্লেখ করেছে মার্কা। সাম্প্রতিক সময়ে লাতিন আমেরিকায় ‘শাকিবেকা’ নামে পরিচিত এক ভেনেজুয়েলীয় ছদ্মবেশী শিল্পী বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। শাকিবেকার চেহারা ও উপস্থিতি শাকিরার সঙ্গে এতটাই সাদৃশ্যপূর্ণ যে অনেক সময় সাধারণ মানুষ তাকে আসল শাকিরা ভেবে ভুল করেন। আর সেই সাদৃশ্যই এবার বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চের জল্পনাকল্পনায় নতুন করে ঘি ঢেলেছে। তবে মেক্সিকোর মাঠে আসল শাকিরা নাকি তার কোনো প্রতিরূপ পারফর্ম করেছে—সামাজিক মাধ্যমের এই তুমুল গুঞ্জনের বিষয়ে এখন পর্যন্ত শাকিরা বা তার অফিশিয়াল টিমের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা বক্তব্য পাওয়া যায়নি।