ক্রীড়া ডেস্ক
চার দিন আগেই ইউটিউবে মুক্তি পেয়েছে নোরার অফিসিয়াল ফিফা ওয়ার্ল কাপ সং "সির সির" ছবি: গুগল ইমেজেস
মেক্সিকো সিটির রেশ কাটতে না কাটতেই এবার উত্তর আমেরিকার আরেক আয়োজক দেশ কানাডায় বসছে ফিফা বিশ্বকাপের উদ্বোধনী আসর। টরন্টো স্টেডিয়ামের রাজকীয় এই মঞ্চে আজ মূল আকর্ষণ হিসেবে থাকছেন বলিউড সেনসেশন নোরা ফাতেহি। বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে কানাডার উদ্বোধনী ম্যাচের আগে, বাংলাদেশ সময় আজ দিবাগত রাত ১১টা ৩০ মিনিটে শুরু হবে এই মেগা ইভেন্ট।
ভেঙে দিলেন শাকিরার রেকর্ড
কানাডার উদ্বোধনী মঞ্চে পারফর্ম করার আগেই বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে নোরার নতুন ফিফা অফিশিয়াল গান ‘সির সির’। মুক্তির মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ইউটিউবে ২০ মিলিয়নেরও (২ কোটি) বেশি ভিউ পেয়ে ইতিহাস গড়েছে গানটি।
এর মাধ্যমে নোরা ভেঙে দিয়েছেন পপ কুইন শাকিরার এবারের বিশ্বকাপের অফিশিয়াল গান ‘ডাই ডাই’-এর রেকর্ড। শাকিরার গানটি প্রথম ২৪ ঘণ্টায় ভিউ পেয়েছিল ৮.২ মিলিয়ন। শাকিরাকে প্রায় দ্বিগুণেরও বেশি ব্যবধানে পেছনে ফেলে ‘সির সির’ এখন ফিফার ইতিহাসে প্রথম দিনে সবচেয়ে বেশি দেখা থিম সং-এর স্বীকৃতি পেয়েছে।
নেপথ্যে দক্ষিণ এশিয়ান ম্যাজিক ও ডিজে সঞ্জয়
গানটির এই অভাবনীয় সাফল্যের পেছনে রয়েছে শক্তিশালী দক্ষিণ এশিয়ান সংযোগ। নোরা ফাতেহির এই গানে তার সঙ্গে যৌথভাবে কাজ করেছেন ফরাসি গায়ক ভেজিড্রিম এবং ক্যালিফোর্নিয়া প্রবাসী বাংলাদেশি-আমেরিকান জনপ্রিয় মিউজিক প্রডিউসার ও ডিজে সঞ্জয়। আজ টরন্টোর মঞ্চে ভেজিড্রিম ও ডিজে সঞ্জয়কে সঙ্গে নিয়েই লাইভ পারফর্ম করবেন নোরা।
নিজের উচ্ছ্বাস প্রকাশ করে নোরা ফাতেহি বলেন:
“এটি আমার জন্য অত্যন্ত বিশেষ একটি মুহূর্ত। পর্দার পেছনের শক্তিশালী ভারতীয় প্রতিনিধিত্ব আমাদের এই কাজকে বিশ্বমঞ্চে অনন্য করে তুলেছে। এটি সংগীতের মাধ্যমে পূর্ব ও পশ্চিমকে এক করার একটি সার্থক প্রয়াস।”
কানাডার বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যকে ফুটিয়ে তুলতে আয়োজিত এই অনুষ্ঠানে নোরার পাশাপাশি মঞ্চ মাতাবেন বিশ্বখ্যাত তারকা অ্যালানিস মরিসেট, অ্যালেসিয়া কারা, এলিয়ানা, জেসি রেয়েজ, মাইকেল বুলে এবং উইলিয়াম প্রিন্স।
পুরো বিশ্ব এখন মুখিয়ে আছে টরন্টোর এই মেগা ওপেনিং আর নোরার ইলেকট্রিক পারফরম্যান্সের অপেক্ষায়।