ক্রীড়া ডেস্ক
চোট কাটিয়ে ২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচেই আর্জেন্টিনার হয়ে ফিরছেন ইমি ছবি: গেটি ইমেজেস স্পোর্ট
আর্জেন্টাইন সমর্থকদের জন্য দারুণ স্বস্তির খবর। আঙুলের ইনজুরি কাটিয়ে অবশেষে পুরোদমে অনুশীলনে ফিরেছেন আলবিসেলেস্তেদের বিশ্বস্ত গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। দুই হাতে গ্লাভস গলিয়ে দলের সাথে প্রথম সম্পূর্ণ সেশন শেষ করেছেন তিনি। সবকিছু ঠিক থাকলে আগামী ১৬ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬-এর উদ্বোধনী ম্যাচেই আর্জেন্টিনার শুরুর একাদশে দেখা যাবে এই তারকাকে।
এর আগে গত ২০ মে অ্যাস্টন ভিলার হয়ে ইউরোপা লিগের ফাইনালের ওয়ার্ল্ড-আপ সেশনের সময় ডানহাতের অনামিকায় ফ্র্যাকচার বা হাড়ের ফাটল ধরা পড়ে মার্তিনেজের। ইনজুরি নিয়েই অবশ্য তিনি ভিলার ইউরোপা লিগ জয় উদযাপন করেন। ইএসপিএন-এর রিপোর্ট অনুযায়ী, ইনজুরি থেকে সুস্থ হওয়ার প্রক্রিয়ায় এতদিন তিনি আঙুলে স্প্লিন্ট পরে এবং এক হাতে গ্লাভস দিয়ে অনুশীলন করছিলেন।
তবে বৃহস্পতিবার পূর্ণাঙ্গ অনুশীলনে ফেরায় তার খেলা নিয়ে সব শঙ্কা কেটে গেছে। ইনজুরির কারণে আর্জেন্টিনার দুটি প্রস্তুতি ম্যাচে হন্ডুরাস এবং আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে পারেননি ৩৩ বছর বয়সী এই গোলকিপার।
ইংলিশ প্রিমিয়ার লিগে সদ্য সমাপ্ত সিজনে দারুণ ফর্মে ছিলেন মার্তিনেজ। তার অসাধারণ পারফরম্যান্সে ভর করেই প্রিমিয়ার লিগে চতুর্থ স্থান অর্জন করে অ্যাস্টন ভিলা। একই সাথে তিনি ইউরোপা লিগের 'টিম অফ দ্য সিজন'-এ জায়গা করে নেন। ২০২২ সালের কাতার বিশ্বকাপজয়ী এই তারকা টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছিলেন। এছাড়া ২০২৪ সালের কোপা আমেরিকা জয়েও গোল্ডেন গ্লাভস নিজের করে নেন আর্জেন্টিনার এই 'বাজপাখি'। এবার আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আরেকটি বিশ্বকাপ মিশন শুরু করতে সম্পূর্ণ প্রস্তুত তিনি।