ক্রীড়া ডেস্ক
ট্রেনিং সেশনে আর্জেন্টিনা জাতীয় দলের হেড কোচ লিওনেল স্কলানির সাথে লিওনেল মেসি ছবি: গেটি ইমেজেস স্পোর্ট
বিশ্বফুটবলের ইতিহাসের অন্যতম সেরা তারকা তিনি। ট্রফি ক্যাবিনেটে আটটি ব্যালন ডি’অরসহ সম্ভাব্য সব অর্জন। অথচ সেই লিওনেল মেসিই কি না জাতীয় দলের স্কোয়াডে নিজের জায়গা নিশ্চিত করতে সাধারণ একজন খেলোয়াড়ের মতোই কোচের মেসেজের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন! ২০২২ কাতার বিশ্বকাপ জয়ের পর এমনই এক অবিশ্বাস্য এবং আবেগঘন তথ্য প্রকাশ করেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আলবিসেলেস্তেদের মাস্টারমাইন্ড কোচ স্কালোনি জানান, বিশ্বকাপে মেসির অন্তর্ভুক্তি নিশ্চিত করতে কোনো জাঁকজমকপূর্ণ আলোচনার প্রয়োজন হয়নি। পুরো বিষয়টি সম্পন্ন হয়েছিল স্রেফ একটি সাধারণ মেসেজ আদান-প্রদান দিয়ে।
সেই মুহূর্তটি স্মরণ করে স্কালোনি বলেন:
"আসলে আমি তাকে (মেসি) শুধু একটি মেসেজ পাঠিয়েছিলাম। সে আমাকে জানিয়েছিল যে, বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার জন্য সে অপেক্ষা করবে।"
স্কালোনি আরও যোগ করেন:
"সে আমাকে জিজ্ঞেস করেছিল—তাকে কি দলে রাখা হবে? আমি তখন সরাসরি বলি, ‘ঠিক আছে, তুমি স্কোয়াডে আছো।’ ব্যাস, আমাদের মধ্যে এতোটুকুই কথা হয়েছিল।"
মেসির মতো মহাতারকাকে নিয়ে দল ঘোষণার আগে ম্যানেজমেন্টের অবচেতন মনেও এক ধরণের বাড়তি কৌতুহল ছিল। স্কালোনি নিজেই স্বীকার করেছেন যে, মেসি হয়তো নিজের খেলার বিষয়ে বড় কোনো বিশেষ ঘোষণা দেবেন। আর্জেন্টাইন কোচের ভাষায়:
"আমরা সবাই ভেবেছিলাম, হয়তো সে কোনো ঘোষণা দেবে। সম্ভবত আমিই প্রথম এমনটা ভেবেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত সে ঠিক একজন সাধারণ খেলোয়াড়ের মতোই আচরণ করেছে এবং কেবল কোচের ডাকের জন্য অপেক্ষা করেছে।"
আর্জেন্টাইন কোচের এই বক্তব্য আরও একবার প্রমাণ করে দিল লিওনেল মেসির বিনয়ী ব্যক্তিত্বের গভীরতা। বিশ্বফুটবলের সবচেয়ে বড় ‘সুপারস্টার’ হয়েও জাতীয় দলের ক্ষেত্রে নিজেকে সবসময় দলের একজন সাধারণ সদস্য হিসেবেই বিবেচনা করেছেন তিনি। কোনো বাড়তি অহংকার বা তারকাখ্যাতি নয়, বরং কোটি ভক্তের প্রিয় ‘এলএমটেন’ সবসময়ই দলের নিয়মের প্রতি শ্রদ্ধাশীল থেকেছেন, যা তাকে বাকিদের চেয়ে আলাদা এবং অনন্য করে তুলেছে।