ক্রীড়া ডেস্ক
লিওন গোরেটজকা ছবি: গেটি ইমেজেস স্পোর্ট
বায়ার্ন মিউনিখের সাথে দীর্ঘ আট বছরের সম্পর্কের ইতি টানছেন লিওন গোরেটজকা। চলতি মৌসুম শেষেই মিউনিখ ছাড়ছেন এই জার্মান মিডফিল্ডার। তবে যাওয়ার আগে ক্লাবের সেই বিখ্যাত “আমরাই আমরা” চেতনা এবং ড্রেসিংরুমের এক অজানা দিক নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন তিনি।
আগামী দলবদল মৌসুমে ইতালিয়ান ক্লাব এসি মিলানে যোগ দেওয়ার গুঞ্জন থাকলেও, গোরেটজকার বর্তমান লক্ষ্য বায়ার্নকে ট্রেবল জেতানো। ক্লাবের ম্যাগাজিন '৫১'-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন,
"আমি ২০২০ সালের সেই সাফল্যের পুনরাবৃত্তি করতে চাই। তবে এবার দর্শকদের সাথে নিয়ে। গ্যালারিভর্তি ভক্তদের সামনে শিরোপা উদযাপন হবে একদম অন্যরকম এক অনুভূতি।"
উল্লেখ্য, ২০২০ সালে বায়ার্ন যখন চ্যাম্পিয়ন্স লিগসহ ট্রেবল জিতেছিল, তখন মহামারীর কারণে গ্যালারি ছিল শূন্য। ৩১ বছর বয়সী এই তারকা মনে করেন, বর্তমান দলের মধ্যে ছয় বছর আগের সেই অপ্রতিরোধ্য মানসিকতা আবার ফিরে এসেছে।
বায়ার্ন মিউনিখের ড্রেসিংরুম নিয়ে বাইরের মানুষের মনে অনেক জল্পনা-কল্পনা থাকে। কিন্তু গোরেটজকার অভিজ্ঞতা একেবারেই ভিন্ন। তিনি বলেন: "বাইরে থেকে কল্পনাও করা যায় না আমাদের ড্রেসিংরুম কতটা আন্তরিক। এখানে পা রাখার প্রথম দিন থেকেই আমি একে নিজের বাড়ি মনে করেছি। এখানে লড়াইটা তীব্র, প্রত্যাশার চাপ আকাশচুম্বী। কিন্তু এত বড় লক্ষ্য নিয়ে কাজ করার সময়ও দলের সবাই একে অপরের খুব ঘনিষ্ঠ, যা ফুটবলে বিরল।"
ক্লাব ছাড়ার আগে উত্তরসূরিদের জন্য বিশেষ পরামর্শ দিয়ে গেছেন গোরেটজকা। তার মতে, বায়ার্নের সাফল্যের মূল চাবিকাঠি হলো তাদের ঐতিহ্যবাহী চেতনা। তিনি বলেন, "আমাদের অবশ্যই 'Mia san mia' স্পিরিট রক্ষা করতে হবে; এই মশাল যেন কখনোই নিভে না যায়।"
সংক্ষেপে বায়ার্নে গোরেটজকা
সময়কাল: ৮ বছর
অর্জন: বুন্দেসলিগা, ডিএফবি পোকাল এবং চ্যাম্পিয়ন্স লিগ (ট্রেবল)।
সম্ভাব্য গন্তব্য: এসি মিলান।