ধ্রুব ডেস্ক
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে ২৪’র জুলাই মাসের আলোচিত দুটি হত্যা মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। হত্যার অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দুটি করা হয়।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আইভীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন, অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু, অ্যাডভোকেট এস এম হৃদয়।
অন্যদিকে, আইভীর বিরুদ্ধে থাকা আরো পাঁচটি মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল থাকবে কি না সে বিষয়ে আগামী রোববার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ সিদ্ধান্ত জানাবেন।
গত বছরের ৯ মে ভোরে শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর একাধিক মামলায় তাকে আসামি হিসেবে দেখানো হয়। পরবর্তীতে পাঁচটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেও আপিল বিভাগ সেই জামিন স্থগিত করে।
পরে ১৮ নভেম্বর তাকে আরো ৫ মামলায় গ্রেফতার দেখানো হয়। ২৬ ফেব্রুয়ারি সেই সব মামলায় জামিন দেন। পরে রাষ্ট্রপক্ষের আবেদনে সেগুলো স্থগিত হয়ে যায়।
এ অবস্থায় সিদ্ধিরগঞ্জ থানায় ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর ও ২০২৫ সালের ৩০ জুন করা দুটি (হত্যার অভিযোগ) মামলায় আইভীকে গ্রেফতার দেখাতে সংশ্লিষ্ট থানা–পুলিশ আবেদন করে। একটি মামলায় ২ মার্চ ও অপর মামলায় ১২ এপ্রিল গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।
ধ্রুব/এস.আই