ক্রীড়া ডেস্ক
মুত্তিয়া মুরালিধরন ছবি: সংগৃহীত
আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটে বোলারদের অসহায়ত্ব নিয়ে এবার মুখ খুললেন লঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন। তাঁর মতে, সময়ের সাথে খেলাটা বদলে গেছে এবং চার-ছক্কার এই যুগে বোলারদের মার খাওয়াটাই এখন ‘স্বাভাবিক’ হয়ে দাঁড়িয়েছে।
নিজের ক্যারিয়ারের সাথে বর্তমান সময়ের তুলনা করে মুরালি বলেন, "আমি প্রায় ১৭০টি টি-টোয়েন্টি খেলেছি। কিন্তু তখন পাওয়ার-হিটিং আজকের মতো এত বিধ্বংসী ছিল না। ৬০টিরও বেশি ম্যাচ খেলেছি এমন সময়ের মধ্যে মাত্র দুবার আমি বা শেন ওয়ার্ন ৪০-এর বেশি রান দিয়েছি। আর এখন? একজন স্পিনার ৫০ রান দিলেও সেটা স্বাভাবিক, আর ৪০ রান দিলে মনে করা হয় সে ভালো বল করেছে। আসলে দুই যুগের তুলনা চলে না।"
ব্যাটে-বলের লড়াইয়ে ভারসাম্য ফেরাতে বাউন্ডারি বড় করার যে আলাপ চলছে, তার সাথে একমত নন এই স্পিন জাদুকর। সানরাইজার্স হায়দ্রাবাদের এই কোচ মনে করেন, টি-টোয়েন্টি এখন বিনোদন ও বিশাল বাণিজ্যের জায়গা।
মুরালির ভাষ্যমতে, "সবকিছু এখন দর্শকদের বিনোদনের ওপর নির্ভর করছে। দর্শকরা চার-ছক্কা দেখতে চায়। সেই চিন্তা থেকেই 'ইমপ্যাক্ট প্লেয়ার'-এর মতো নিয়ম আনা হয়েছে যেন ব্যাটিং গভীরতা বাড়ে। এটি এখন বড় ব্যবসা, অনেক স্পনসর জড়িয়ে আছে। খেলা যদি বোলারবান্ধব বা ম্যাড়মেড়ে হয়ে যায়, তবে স্পনসর এবং দর্শক—উভয়ই আগ্রহ হারাবে।"
তবে বোলাররা দমে যাবেন বলে মনে করেন না তিনি। মুরালিধরন বিশ্বাস করেন, ব্যাটারদের এই দাপটের মুখে বোলাররাও নতুন কোনো কৌশল বের করবেন। তিনি বলেন, "সানরাইজার্স যেভাবে পাওয়ার-হিটিং শুরু করেছে, এখন সবাই তা অনুসরণ করছে। বোলাররা এই টুর্নামেন্ট থেকে শিক্ষা নিয়ে ফিরে যাবে এবং ব্যাটারদের আটকানোর পথ খুঁজবে। ব্যাটাররা নতুন কিছু করলে বোলাররাও পাল্টা জবাব দেবে—আধুনিক ক্রিকেট এভাবেই এগিয়ে চলে।"