Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

মেসিকে ছাড়িয়ে আলভারেজের রেকর্ড

ক্রীড়া ডেস্ক ক্রীড়া ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল,২০২৬, ১০:৫৪ এ এম
মেসিকে ছাড়িয়ে আলভারেজের রেকর্ড

চ্যাম্পিয়নস লিগে মাত্র ৪১ ম্যাচে ২৫ গোল পূর্ণ করলেন আলভারেজ ছবি: উয়েফা

চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের হাইভোল্টেজ প্রথম লেগে মেত্রোপলিতানো স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল আতলেতিকো মাদ্রিদ ও আর্সেনাল। দুই পেনাল্টি গোলের রোমাঞ্চকর লড়াই শেষে ১-১ সমতায় মাঠ ছেড়েছে দুই দল। আর এই ম্যাচেই লিওনেল মেসিকে ছাড়িয়ে নতুন এক রেকর্ডে নাম লিখিয়েছেন আতলেতিকোর আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজ।

ম্যাচের শুরুটা ছিল বেশ সতর্ক। গোল হজম না করার তাড়নায় দুই দলই ‘সেফটি ফার্স্ট’ ফুটবল খেলতে থাকে। তবে প্রথমার্ধের ঠিক শেষ মুহূর্তে খেলার চিত্র বদলে যায়। বক্সের ভেতর সুইডিশ স্ট্রাইকার ভিক্টর ইয়োকেরেসকে ফাউল করে বসেন আতলেতিকো ডিফেন্ডার ডেভিড হাঙ্কো। পেনাল্টি থেকে নিখুঁত শটে আর্সেনালকে লিড এনে দেন ইয়োকেরেস। এই গোলের মাধ্যমে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে গোল করা প্রথম সুইডিশ ফুটবলার হিসেবে ইতিহাস গড়েন তিনি।

বিরতির পর কৌশলে বদল আনেন দিয়েগো সিমিওনে। আক্রমণাত্মক ফুটবলে আর্সেনালকে চেপে ধরে আতলেতিকো। ম্যাচের ফল আসে সেই পেনাল্টি থেকেই। বেন হোয়াইটের হাতে বল লাগলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। স্পট কিক থেকে গোল করে সমতা ফেরান হুলিয়ান আলভারেজ।

এই গোলের মাধ্যমেই আলভারেজ স্পর্শ করেন দারুণ এক মাইলফলক। চ্যাম্পিয়নস লিগে মাত্র ৪১ ম্যাচে ২৫ গোল পূর্ণ করলেন তিনি, যা কোনো আর্জেন্টাইন হিসেবে দ্রুততম। এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন লিওনেল মেসি, যার ২৫ গোল করতে লেগেছিল ৪২ ম্যাচ।

ম্যাচের শেষ দিকে নাটকীয়তা চরমে পৌঁছায়। বক্সের ভেতর এবেরেচি এজে পড়ে গেলে রেফারি শুরুতে পেনাল্টির সিদ্ধান্ত দিয়েছিলেন। তবে ভিএআর রিপ্লে দেখে সেই সিদ্ধান্ত বাতিল করা হলে ক্ষোভে ফেটে পড়েন আর্সেনাল কোচ মিকেল আরতেতা। মাঠেই প্রতিবাদ জানান আর্সেনাল ফুটবলাররা। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ১-১ ড্রয়েই সন্তুষ্ট থাকতে হয় দুপক্ষকে।

মাদ্রিদে সমতা হওয়ায় এখন সব রোমাঞ্চ জমা থাকল আগামী মঙ্গলবার লন্ডনের ফিরতি লেগের জন্য। ঘরের মাঠে আর্সেনাল সুবিধা পাবে নাকি সিমিওনের শিষ্যরা বাজিমাৎ করবে, সেটাই এখন দেখার বিষয়।

 

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)