ক্রীড়া ডেস্ক
ফিরতি লেগ থেকে ছিটকে গেছেন মরক্কান তারকা রাইটব্যাক আশরাফ হাকিমি ছবি: বিবিসি
চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের মহারণে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হওয়ার আগে বড় ধাক্কা খেল পিএসজি। ঊরুর চোটের কারণে ফিরতি লেগ থেকে ছিটকে গেছেন মরক্কান তারকা রাইটব্যাক আশরাফ হাকিমি। গতকাল ক্লাব কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
ঘরের মাঠে সেমিফাইনালের প্রথম লেগে বায়ার্নকে ৫-৪ গোলে হারিয়ে সুবিধাজনক অবস্থানে আছে লুইস এনরিকের দল। তবে সেই ম্যাচেই বায়ার্ন ডিফেন্ডার কনরাড লাইমারের সঙ্গে সংঘর্ষে চোট পান হাকিমি। বদলি খেলোয়াড় নামানোর সুযোগ না থাকায় ওই অবস্থাতেই পুরো ম্যাচ খেলেছেন তিনি। এমনকি তার পাস থেকেই গোল করেছিলেন কাভারাৎসখেলিয়া। পিএসজির পক্ষ থেকে জানানো হয়েছে, চোটের কারণে আগামী কয়েক সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হবে।
বিপদে যেন একা আসে না! হাকিমির পাশাপাশি ইনজুরিতে পড়েছেন গোলরক্ষক লুকাস শেভালিয়েরও। গত বুধবার অনুশীলনের সময় তিনিও ঊরুর চোটে পড়েন। ফলে আগামী কয়েক সপ্তাহ তাকেও পাওয়া যাবে না। উল্লেখ্য, প্রথম লেগে পিএসজির জাল সামলেছিলেন রুশ গোলরক্ষক মাতভেই সাফোনভ।
হাকিমির এই চোট চিন্তায় ফেলেছে মরক্কো জাতীয় দলকেও। গত ব্যালন ডি’অর তালিকায় ষষ্ঠ স্থানে থাকা এই তারকা ২০২৬ বিশ্বকাপে মরক্কোর মূল ভরসা। আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় শুরু হতে যাওয়া বিশ্বকাপের গ্রুপ পর্বে ১৩ জুন ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে মরক্কো। সমর্থকদের প্রার্থনা, বিশ্বকাপের আগেই যেন ফিট হয়ে ওঠেন তিনি।
মিউনিখে বায়ার্নের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচের আগে আগামী শনিবার লিগ আঁ-তে লঁরার মুখোমুখি হবে পিএসজি। বর্তমানে ৩০ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে এনরিকের শিষ্যরা; দ্বিতীয় স্থানে থাকা লেঁসের চেয়ে তারা ৬ পয়েন্টে এগিয়ে।