ক্রীড়া ডেস্ক
২৩ রানে ৫ উইকেট নিয়ে লাইমলাইটে মহসিন খান ছবি: সংগৃহীত
আইপিএল ২০২৬-এর প্রথম পাঁচ উইকেটের কীর্তি গড়ে লাইমলাইটে চলে এসেছেন মহসিন খান। কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বিপক্ষে ২৩ রানে ৫ উইকেট নিয়ে লখনউ সুপার জায়ান্টসের (এলএসজি) এই বাঁহাতি পেসার এখন আলোচনার তুঙ্গে। মহসিনের এমন পারফরম্যান্সে মুগ্ধ সাবেক ক্যারিবীয় তারকা কার্লোস ব্র্যাথওয়েট এবং ভারতের সাবেক ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার।
উত্থান-পতনে ঠাসা ম্যাচে লখনউয়ের জয়ের পথ প্রায় প্রশস্ত করে দিয়েছিলেন মহসিন। যদিও শেষ পর্যন্ত ম্যাচটি সুপার ওভারে গড়ায় এবং কিছু প্রশ্নবিদ্ধ সিদ্ধান্তের কারণে কেকেআর জয় ছিনিয়ে নেয়, তবে বল হাতে মহসিনের ধ্রুপদী পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো।
ইএসপিএন-ক্রিকইনফোর 'টাইম আউট' শো-তে কার্লোস ব্র্যাথওয়েট মহসিনের বোলিংয়ের প্রশংসা করে বলেন, "আমরা সবসময় বোলারদের লেংথ ও শৃঙ্খলার কথা বলি। সে পিচ থেকে কিছুটা সুবিধা পাচ্ছিল এবং যখনই শর্ট বল করেছে, পিচে গতির ঝড় তুলেছে। অনেক সময় বোলাররা শুধু লেংথ বজায় রাখার চেষ্টা করে, কিন্তু মহসিন ছিল আগ্রাসী। সে পিচে বলকে দারুণভাবে 'ব্যাশ' করেছে।"
ইনিংসের শুরুতে মহসিন একটি উইকেট-মেডেন দিয়ে যাত্রা শুরু করেন। পাওয়ার প্লে-তে দ্বিতীয় উইকেট এবং সপ্তম ওভারের প্রথম বলেই তৃতীয় শিকার করে কেকেআরকে শুরুতেই চাপে ফেলে দেন তিনি। লখনউ তাকে আক্রমণাত্মকভাবে ব্যবহার করে এবং মহসিনও তার প্রতিদান দেন। ৪ ওভারে ২৩ রান দিয়ে ৫ উইকেট নেওয়ার পথে তিনি ক্যামেরন গ্রিনের (২১ বলে ৩৪ রান) গুরুত্বপূর্ণ উইকেটটিও শিকার করেন। তার স্পেল শেষ হওয়ার সময় কেকেআর মাত্র ৭৩ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছিল।
অধিনায়ক ঋষভ পন্তের কৌশলী সিদ্ধান্ত ও মহসিনের প্রয়োগ নিয়ে ব্র্যাথওয়েট যোগ করেন, "সে জানত ১১তম ওভারে তাকে উইকেট নিতেই হবে। সেটি একটি ডাবল-উইকেট ওভার ছিল, যা কেকেআরের ঘুরে দাঁড়ানোর পথ বন্ধ করে দেয়। সে পিচ এবং নিজের ভূমিকা খুব ভালো অনুধাবন করেছিল।"
২০২২ সালে আইপিএল অভিষেকে ১৪ উইকেট নিয়ে নজর কেড়েছিলেন মহসিন। কিন্তু ইনজুরির কারণে গত আসরটি পুরোপুরি মিস করেন তিনি। তার প্রত্যাবর্তন নিয়ে সঞ্জয় বাঙ্গার বলেন, "এখন শুধু তার ফিটনেস ফিরে পাওয়ার অপেক্ষা। ভারতীয় প্রতিভাদের মধ্যে মহসিনের মতো স্কিলসেট খুব কম বোলারদেরই আছে। আমাদের প্রচুর ব্যাটসম্যান থাকলেও মানসম্পন্ন বাঁহাতি পেসারের অভাব রয়েছে।"
টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতীয় দলে একমাত্র বাঁহাতি পেসার ছিলেন অর্শদীপ সিং। মহসিনকে নিয়ে আশাবাদী বাঙ্গার আরও বলেন, "বাঁহাতি পেসারদের তালিকায় মহসিন সবচেয়ে বেশি মুগ্ধ করে। তার বাড়তি বাউন্স এবং 'হেভি বল' করার ক্ষমতা অসাধারণ। একজন দুর্দান্ত বাঁহাতি পেসার হওয়ার সব গুণ তার আছে। নির্বাচকদের অবশ্যই তাকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করা উচিত।"
লখনউ সুপার জায়ান্টস এখন বিরতিতে যাচ্ছে। তাদের পরবর্তী ম্যাচ আগামী ৪ মে, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে স্বাগতিক মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে।