সাইফুল ইসলাম
প্রেসক্লাব যশোরের সামনে দিয়ে হেটে যান প্রধানমন্ত্রী ছবি: ভিডিও থেকে নেয়া
গুগল ম্যাপ অনুযায়ী যশোর সার্কিট হাউস থেকে যশোর ঈদগাহ মাঠের দূরত্ব ৪০০ মিটার। হাঁটাপথে এই দূরত্ব পার হতে অন্তত ৬ মিনিট সময় লাগার কথা। ঘড়িতে সময় তখন বিকেল ৪টা ৪০ মিনিট। জেলা বিএনপি আয়োজিত জনসভাকে কেন্দ্র করে পুরো সড়কে তখন নেতাকর্মীদের উপচে পড়া ভিড়। হাজার হাজার নেতাকর্মী এই সড়ক ধরে মিছিল নিয়ে জনসভায় যোগ দিচ্ছেন। এরই মধ্যে সার্কিট হাউস থেকে বের হয়ে পায়ে হেঁটে জনসভাস্থলের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রবল ভিড় আর জনস্রোতের মধ্য দিয়েই তিনি সরাসরি হেঁটে সভাস্থলে পৌঁছান। এ সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষকে তিনি হাত নেড়ে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীর এমন সরাসরি উপস্থিতি সড়কে থাকা নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উদ্দীপনা তৈরি করে।
এর আগে প্রধানমন্ত্রী ১৮৫১ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করেন। সেখানে তিনি প্রাচীন পাণ্ডুলিপি ও দুষ্প্রাপ্য গ্রন্থরাজী ঘুরে দেখেন। এ সময় শিশুদের ভবিষ্যৎ নিয়ে তিনি বলেন, “বাচ্চাদেরকে মোবাইল থেকে বের করে নিয়ে এসে বই পড়ার আগ্রহ বাড়াতে চাই। এই কাজে আমরা সফল হবো।”
উল্লেখ্য, আজ দিনভর প্রধানমন্ত্রী যশোরে কয়েকটি বড় উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সকালে শার্শার উলাশী খাল পুনঃখনন এবং দুপুরে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ৫০০ শয্যাবিশিষ্ট ভবনের নির্মাণকাজের উদ্বোধন শেষে বিকেলে তিনি এই জনসভায় যোগ দেন। বর্তমানে তিনি যশোর ঈদগাহ ময়দানে আয়োজিত বিশাল জনসভা মঞ্চে অবস্থান করছেন।