Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

‘জলপরী’ খুঁজতে মিলল ‘সিলভার কার্প’ মাছ

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ৮ অক্টোবর,২০২৬, ০৬:২২ এ এম
‘জলপরী’ খুঁজতে মিলল ‘সিলভার কার্প’ মাছ

ছবি: সংগৃহীত

নরসিংদীর মনোহরদীতে একটি পুরোনো পুকুরে জলপরী দেখা যাওয়ার কাল্পনিক গুজব ছড়িয়ে পড়েছে। এর ফলে গত পাঁচ দিন ধরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ পুকুরপাড় ভিড় জমাচ্ছেন।

ঘটনাটি ঘটেছে মনোহরদী উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের আলালপুর গ্রামে। স্থানীয় বাসিন্দা কবির আহমেদ ভূঁইয়ার প্রায় ২০০ বছরের পুরোনো পারিবারিক পুকুরকে কেন্দ্র করে এই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুকুরের মালিক জানান, তাদের পারিবারিক এই পুকুরে সিলভার কার্পসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা হয়। কিছুদিন আগে একসঙ্গে সিলভার কার্প মাছ সাঁতার কাটার একটি দৃশ্যকে কেন্দ্র করে কিছু লোক সেটিকে ‘জলপরী’ হিসেবে ভুল প্রচার শুরু করেন।

এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়ে এবং শুরু হয় নানা অন্ধবিশ্বাসমূলক আয়োজন। কেউ পুকুরপাড়ে ভোগ দিচ্ছেন, কেউ পূজা করছেন, আবার কেউ অলৌকিক লাভের আশায় পুকুরের পানি শরীরে মাখছেন বা বোতলে ভরে বাড়ি নিয়ে যাচ্ছেন। অযাচিত এই ভিড়ের কারণে পুকুরের মাছের স্বাভাবিক পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন পুকুরের মালিকপক্ষ।

গুজব ঠেকাতে ইতোমধ্যে মাঠে নেমেছে প্রশাসন। মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান জানান, মঙ্গলবার বিকেলে প্রশাসনের পক্ষ থেকে পুকুরে জাল ফেলে তল্লাশি চালানো হয়েছে। কিন্তু মাছ ছাড়া সেখানে অন্য কোনো কিছুর অস্তিত্ব পাওয়া যায়নি।

প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই গুজব না ছড়ানোর কঠোর অনুরোধ জানানো হয়েছে। এছাড়া যারা ইচ্ছাকৃতভাবে এ ধরনের গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করবেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে প্রশাসন।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)