কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ছবি: ধ্রুব নিউজ
ঝিনাইদহের কোটচাঁদপুরে জমিজমা সংক্রান্ত পূর্বশত্রুতার জেরে এক প্রবাসীর বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও ৩ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। হামলাকারীরা নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নেওয়ার পাশাপাশি মামলা তুলে নিতে প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার।
বুধবার (৭ অক্টোবর) কোটচাঁদপুর থানাধীন চান্দাপাড়া গ্রামে ঘটে যাওয়া এ ঘটনায় বিচার ও জীবনের নিরাপত্তা চেয়ে কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মো. শিমুল হোসেন (৩৫)।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, একই এলাকার মৃত সমীর উদ্দীন খানের ছেলে হাবিবুর রহমান (৩৫), হাসানুজ্জামান (৪৫) ও তাদের সহযোগী আরও ৪-৫ জন সংঘবদ্ধ হয়ে শিমুল হোসেনের বসতবাড়িতে বেআইনিভাবে প্রবেশ করেন। তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে ভুক্তভোগীর কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শিমুলকে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয় এবং তার স্ত্রীকেও লাঞ্ছিত করা হয়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, হামলাকারীরা ঘরের আসবাবপত্র ও দরজা-জানালা ভাঙচুর করে প্রায় ১ লাখ ২০ হাজার টাকার ক্ষতিসাধন করে। পরবর্তীতে ঘরে গচ্ছিত নগদ ১ লাখ ৫০ হাজার টাকা এবং একটি স্বর্ণের চেইন জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়।
ভুক্তভোগী শিমুল হোসেন জানান, এর আগেও তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছিল, যা নিয়ে আদালতে একটি মামলা (সি.আর. কোট-ননপ্রসিডিউর-৩৭/২৪) চলমান রয়েছে। ওই মামলা প্রত্যাহার ও দাবিকৃত চাঁদার টাকা না দিলে তাকে ও তার পরিবারকে মেরে লাশ গুম করার হুমকি দেওয়া হচ্ছে। এর ফলে পরিবার নিয়ে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন তিনি।
তবে অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্তদের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি।
কোটচাঁদপুর মডেল থানা-পুলিশ জানায়, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।