নিজস্ব প্রতিবেদক
ছবি: ধ্রুব নিউজ
‘সাম্প্রদায়িক উস্কানি প্রতিরোধ করি, সকল নাগরিকের মানবাধিকার নিশ্চিত করি’—এই স্লোগানকে সামনে রেখে শারদীয় দুর্গোৎসবের প্রাক্কালে সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করা এবং উৎসবের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে যশোরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) বিকেল ৪টা ৩০ মিনিটে যশোর শহরের প্রাণকেন্দ্র দড়াটানা ভৈরব চত্বরে বাংলাদেশ মহিলা পরিষদ, যশোর জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
বাংলাদেশ মহিলা পরিষদ যশোর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আফরোজা বেগমের সভাপতিত্বে কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি মাহবুবুর রহমান মজনু, ভাসানী পরিষদের সভাপতি হারুন-অর-রশিদ, সুরধনী যশোরের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদুল হাসান বুলবুল, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী যশোর জেলা সংসদের সভাপতি আমিনুর রহমান হিরু এবং এসসিডিও যশোরের নির্বাহী পরিচালক সুশান্ত দাস।
মানববন্ধনে বক্তারা বলেন, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের নিরাপত্তা লাভ মৌলিক অধিকার। দুর্গোৎসবকে কেন্দ্র করে কোনো ধরনের সাম্প্রদায়িক উস্কানি বা অস্থিতিশীল পরিস্থিতি যাতে তৈরি হতে না পারে, সে জন্য প্রশাসনকে কঠোর নজরদারি বহাল রাখতে হবে। একই সাথে সব ধর্মীয় উৎসব শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে উদযাপনে সামাজিক সম্প্রীতির বন্ধন আরও জোরদার করার আহ্বান জানান তারা।
কর্মসূচিতে বাংলাদেশ মহিলা পরিষদ যশোর জেলা শাখার অর্থ সম্পাদক উম্মে মাকসুদা মাসু, লিগ্যাল এইড সম্পাদক অ্যাডভোকেট কামরুন নাহার কনাসহ সংগঠনের অন্যান্য নেত্রীবৃন্দ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও সুশীল সমাজের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।