ঝিনাইদহ প্রতিনিধি
ছবি: ধ্রুব নিউজ
শারদীয় দুর্গোৎসবকে আনন্দমুখর, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে ঝিনাইদহে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করবে।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বুধবার (৭ অক্টোবর) জেলা শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন জেলা প্রশাসক নোমান হোসেন। তিনি বলেন, ‘দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐতিহ্যের অংশ। উৎসবকে নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে ঘটতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।’
জেলা প্রশাসক আরও বলেন, পূজামণ্ডপে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব দপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে কোনো গুজব বা উসকানিতে কান না দিয়ে যেকোনো সমস্যা দেখা দিলে দ্রুত প্রশাসনকে জানানোর আহ্বান জানান তিনি।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। জেলা প্রশাসক নোমান হোসেনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আসিশ বিন হাছান, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট এমএ মজিদ, সিভিল সার্জন ডা. কামরুজ্জামান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সভাপতি অ্যাডভোকেট কামাল আজাদ পান্নুসহ রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ এবং পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিরা।
সভায় বক্তারা শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে প্রশাসনকে সহযোগিতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।