নিজস্ব প্রতিবেদক
সাংবাদিক অ্যাডভোকেট তৌহিদুর রহমান ছবি: সংগৃহীত
যশোর জেলা ও সংবাদমাধ্যমের পথিকৃৎ, প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট আইনজীবী ও প্রবীণ সাংবাদিক অ্যাডভোকেট তৌহিদুর রহমান আর নেই। আজ সোমবার ভোরে ঢাকায় নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বর্ণাঢ্য ও প্রবীণ এই ব্যক্তিত্বের মৃত্যুতে যশোরসহ সারাদেশের সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদকতার অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
নড়াইলের মির্জাপুর গ্রামে ১৯৩৬ সালের ২২ জুন জন্মগ্রহণ করেন অ্যাডভোকেট তৌহিদুর রহমান। ১৯৫৩ সালে তিনি যশোরে আয়কর আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন। পেশাগত কাজের পাশাপাশি ১৯৬০ সাল থেকে তিনি সরাসরি সাংবাদিকতার সঙ্গে যুক্ত হন। প্রথমে ‘এসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান’ (এপিপি) এবং পরবর্তীতে ‘বাংলাদেশ সংবাদ সংস্থা’র (বাসস) সাংবাদিক হিসেবে দীর্ঘ ৩৫ বছর নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। যশোরের সংবাদ জগৎকে আধুনিক রূপ দিতে এবং সাংবাদিকদের ঐক্যবদ্ধ করতে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন।
প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে তাঁর অবদান ঐতিহাসিকভাবে স্মরণীয়। এর পাশাপাশি তিনি যশোর জিলা স্কুল প্রাক্তন ছাত্র সমিতির প্রথম সভাপতি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রাক্তন ভাইস চেয়ারম্যান এবং লায়ন্স ক্লাবের প্রাক্তন গভর্নর হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ কর্মময় জীবনে সর্বজন শ্রদ্ধেয় ‘তৌহিদ চাচা’ খ্যাত এই প্রবীণ ব্যক্তিত্ব বহু সামাজিক ও সেবামূলক সংগঠনের শীর্ষ পদে থেকে মানুষের কল্যাণে নিরলস কাজ করে গেছেন।
পরিবার সূত্রে জানা গেছে, মরহুম তৌহিদুর রহমানের সন্তানরা দেশের বাইরে অবস্থান করছেন। তাঁরা দেশে পৌঁছানোর পর আগামী বুধবার ঢাকার ধানমণ্ডি তাকওয়া জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতির মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা প্রকাশ করেছে প্রেসক্লাব যশোরসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তার মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে আদ্-দ্বীন ফাউন্ডেশন ও আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল যশোর কর্তৃপক্ষ।
আদ্-দ্বীন ফাউন্ডেশনের পরিচালক ও আকিজ গ্রুপের চেয়ারম্যান ডা. শেখ মহিউদ্দিন এবং আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. সঞ্জয় সাহা ও পরিচালক ডা. মো: ইমদাদুল হক পৃথক শোক বিবৃতি প্রদান করেছেন।
বিবৃতিতে তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এছাড়া গণমাধ্যম এবং আইনাজ্ঞনে মরহুম তৌহিদুর রহমানের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। মরহুম তৌহিদুর রহমান ও ডা. শেখ মহিউদ্দিন ব্যক্তিগত জীবনে একে অপরের ঘনিষ্ট মানুষ ছিলেন।