ক্রীড়া প্রতিবেদক
ছবি: ধ্রুব নিউজ
আর এন রোড সমাজ কল্যাণ সংস্থা যশোরের উদ্যোগে আয়োজিত ‘কিডস কাপ জুনিয়র ফুটবল টুর্নামেন্ট’-এর উদ্বোধনী ম্যাচটি অমীমাংসিতভাবে শেষ হয়েছে। সোমবার (৫ অক্টোবর) শহরের আর এন রোড নতুন বাজার মাঠে অনুষ্ঠিত এই উদ্বোধনী খেলায় আর এন রোড ওয়ারিয়র্স ও আর এন রোড ডায়নামিক ১-১ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়ে।
খেলার শুরু থেকেই আক্রমণ-প্রতিআক্রমণে জমজমাট ফুটবল উপহার দেয় দু’দল। ম্যাচের ৮ম মিনিটে আবেগের দুর্দান্ত গোলে এগিয়ে যায় আর এন রোড ওয়ারিয়র্স। তবে পিছিয়ে পড়ার পর সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে আর এন রোড ডায়নামিক। ধারাবাহিক আক্রমণের মুখে ১৭তম মিনিটে আবু হুরাইরার গোলে সমতায় ফেরে দলটি। ম্যাচের বাকি সময়ে দু’দলই একাধিক গোলের সুযোগ তৈরি করলেও তা জালে পাঠাতে পারেনি। ফলে ১-১ ব্যবধানে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় তাদের।
মোট আটটি দলের অংশগ্রহণে সোমবার আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টটির পর্দা ওঠে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।
আর এন রোড ক্রীড়া চক্রের সভাপতি মোস্তফা গোলাম কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম সোহান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক অ্যাডভোকেট হাজী আনিসুর রহমান মুকুল, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর মনিরুজ্জামান মাসুম, জেলা ক্রীড়া সংস্থার সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক এম এ আকসাদ সিদ্দিকী শৈবাল, ক্রীড়া সংগঠক এ বি এম আক্তারুজ্জামান, আর এন রোড ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান বিপ্লব, জাতীয় দলের ফুটবলার মিনহাজুল করিম স্বাধীন ও বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট শহীদ আনোয়ার প্রমুখ।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আর এন রোড ক্রীড়া চক্রের সহসভাপতি এজাজ উদ্দিন টিপু।