Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ৭ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

❒ ‘ভিজিট লাগে অনেক টাকা, আজ পেলাম ফ্রি’

যশোর চ্যারিটির মানবিক স্পর্শে হাসল হাজারও মানুষ

শেখ জালাল শেখ জালাল
প্রকাশ : শনিবার, ২২ নভেম্বর,২০২৫, ০৪:৩২ পিএম
আপডেট : শনিবার, ২২ নভেম্বর,২০২৫, ০৮:২৩ পিএম
যশোর চ্যারিটির মানবিক স্পর্শে হাসল হাজারও মানুষ

ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগীদের খোঁজ খবর নিচ্ছেন যশোর চ্যারেটির চেয়ারম্যান মু. শাসুজ্জামান ছবি: ধ্রুব নিউজ

‘যেসব ডাক্তার রোগী দেখছেন, এনাদের ভিজিট তো অনেক টাকা দিয়ে প্রাইভেট হাসপাতালে দেখাতে হয়। আজ ফ্রি তাদের দেখাইছি, আর ওষুধও এখান থেকে দিয়েছে। আমার মতো যারা আসছে, সবাই সন্তুষ্ট।’

ষাটোর্ধ্ব বিল্লাল হোসেনের এই সরল স্বীকারোক্তিই যেন বলে দেয়, প্রান্তিক মানুষের জন্য কত বড় আশীর্বাদ হয়ে এসেছিল যশোর চ্যারিটির প্রথম ফ্রি মেডিকেল ক্যাম্প। শনিবার (২২ নভেম্বর) যশোরের উপ-শহর ডি-ব্লক ২৯ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বিশাল স্বাস্থ্যসেবা যজ্ঞ। বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেলেন প্রায় এক হাজার দুস্থ ও অসহায় রোগী।

প্রান্তিক পর্যায়ে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার এই মহৎ উদ্দেশ্য নিয়ে আয়োজিত ক্যাম্পে ভিড় জমতে শুরু করে সকাল ৯টা থেকেই। বিভিন্ন প্রান্ত থেকে আসা জটিল ও কঠিন রোগে আক্রান্ত সেবা প্রত্যাশীরা সারিবদ্ধ হন। মেডিসিন, চক্ষু, অর্থোপেডিক, গাইনি, নিউরোমেডিসিন এবং শিশু রোগসহ বিভিন্ন বিভাগের মোট ১১ জন বিশেষজ্ঞ চিকিৎসক দুপুর ১টা পর্যন্ত একটানা রোগীদের সেবা দেন।

রোগীর রোগের ধরন নির্ণয়ের জন্য উন্নত মানের যন্ত্রপাতি ব্যবহার করে চোখের চিকিৎসা, ডায়বেটিস পরীক্ষা এবং রক্তচাপ নির্ণয়ের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছিল। বিশেষজ্ঞ চিকিৎসকদের সাক্ষাৎ এবং পরামর্শের পাশাপাশি বিতরণ করা হয় প্রয়োজনীয় ওষুধও।

উপশহর ডি-ব্লকের বাসিন্দা ৭৮ বছর বয়সী মনোয়ারা বেগমের কাছে এই ক্যাম্প ছিল এক নতুন আশার আলো। তিনি বলেন, ‘খবর শুনে পরিবারের সাথে ডাক্তার দেখাতে এসেছি। বিশেষজ্ঞ চিকিৎসকরা আমার চোখ পরীক্ষা করেছেন এবং অপারেশনের ব্যবস্থা করছেন। যা আমার মতো হতদরিদ্র পরিবারের পক্ষে করানো সম্ভব ছিল না। আবার ফ্রি ওষুধও দিয়েছেন। এরকম ফ্রি মেডিকেল ক্যাম্প সব জায়গায় হলে আমাদের মতো সবাই চিকিৎসা সেবা পাবে।’ চ্যারিটির এ সেবা পেয়ে তিনি তার সন্তুষ্টি প্রকাশ করেন।

যশোর ২৫০ শয্যা হাসপাতালের সহকারি অধ্যাপক ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. জাহাঙ্গীর হোসেন জানান, তিনি এই ক্যাম্পে ৭২ জন রোগীকে সেবা দিয়েছেন। তিনি চ্যারিটির ব্যবস্থাপনার প্রশংসা করে বলেন, ‘সকাল নয়টা থেকে রোগী দেখছি। চ্যারিটির এই সেবা নিতে ব্যাপক সাড়া ফেলেছে। ধনী-দরিদ্র সব ধরণের রোগীই এখানে এসেছে। চ্যারিটি স্বাস্থ্য সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে চেষ্টা করছে। তাদের এই সেবার পরিধি আরও বাড়ানো উচিত।’

যশোর চ্যারিটি চেয়ারম্যান অধ্যাপক শামছুজ্জামান বলেন, অনেক হতদরিদ্র রোগী আছেন যারা নিজেদের প্রাপ্য চিকিৎসা সেবাটুকুও পান না। তাদের জন্যই এই আয়োজন। তিনি নিশ্চিত করেন, প্রাথমিক চিকিৎসা শেষে কিছু হতদরিদ্র রোগীকে বিনামূল্যে অপারেশনের জন্য চূড়ান্ত করা হয়েছে, যাদের পরবর্তীতে আদদ্বীন হাসপাতালে বিনামূল্যে সার্জারি করা হবে।

অধ্যাপক শামছুজ্জামান জানান, শনিবারের ক্যাম্পে ১১ জন বিশেষজ্ঞ চিকিৎসক মোট এক হাজার রোগী দেখেছেন এবং বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়েছে। তিনি প্রত্যয় ব্যক্ত করেন, "যশোর জেলার হতদরিদ্র ও গ্রামাঞ্চলের মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে বিনামূল্যের মেডিকেল ক্যাম্প জেলার বিভিন্ন অঞ্চলে আমরা নিয়মিত আয়োজন করব। প্রত্যন্ত অঞ্চলের প্রান্তিক মানুষগুলোকেও চিকিৎসা সেবার আওতায় আনা আমাদের মূল উদ্দেশ্য।’

চ্যারিটি যশোর এর ফ্রি মেডিকেল ক্যাম্প  যেসব  বিশেষজ্ঞ চিকিৎসক রোগী দেখেছেন তারা হলেন ডা. মো. জাহাঙ্গীর হোসেন (মেডিসিন বিশেষজ্ঞ), ডা. রেবেকা সুলতানা দীপা (স্ত্রীরোগ, প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ ও সার্জন), ডা. মো. আহসান হাবীব দিপু (কনসালটেন্ট অর্থোপেডিক্স এন্ড ট্রমা সার্জন),ডা. মো. তারিক হাসান তুরিন (মেডিসিন, নিউরোমেডিসিন ও ডায়াবেটিস বিষয়ে অভিজ্ঞ), ডা. তরফদার মাছুদুর রহমান, ডা.মো.শরীফুজ্জামান রঞ্জু, (শিশু সার্জারী),ডা. মো. কামরুজ্জামান খান (অর্থোপেডিক বিশেষজ্ঞ ও ট্রমা সার্জন কনসালটেন্ট), ডা. মো. আফছার আলী (শিশু রোগ বিশেষজ্ঞ), ডা. মো. মাসুম রেজা (চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন), ডা. উম্মে খাদিজা-তুল দিশা (গাইনী ও প্রসূতি বিষয়ে অভিজ্ঞ)ও ডা.মার্জিয়া চৌধুরী।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)