ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের শিওরদাহ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে গণশুনানি অনুষ্ঠিত হয়। ছবি: ধ্রুব নিউজ
যশোরের ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের শিওরদাহ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এলাকার মানুষের দুঃখ-দুর্দশা নিরসন, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন এবং জনসেবামূলক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৪ জুলাই) বিকেলে আয়োজিত এই গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য সাবিরা সুলতানা মুন্নি।
গণশুনানিতে সংসদ সদস্য সাধারণ মানুষের সমস্যা, অভিযোগ, চাহিদা ও প্রত্যাশার কথা মনোযোগসহকারে শোনেন এবং সেগুলোর বাস্তবসম্মত সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন। তিনি বলেন, "জনগণের কথা শুনে, জনগণকে সঙ্গে নিয়েই উন্নয়নের পথচলা" এই প্রত্যয়কে বাস্তবে রূপ দিতেই গণশুনানির আয়োজন করা হয়েছে। জনগণের মতামত ও প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম পরিচালনা এবং জবাবদিহিমূলক, জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে গণশুনানি একটি কার্যকর মাধ্যম।
৮ নম্বর নির্বাসখোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক মুরাদউন নবী মুরাদ, ৮ নম্বর নির্বাসখোলা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইদ্রিস আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ঝিকরগাছা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুজ্জামান সাগর এবং সাবেক ইউপি সদস্য খলিলুর রহমান। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।