নিজস্ব প্রতিবেদক
ছবি: ধ্রুব নিউজ
নড়াইল সদরের বাঁশগ্রামের আলোচিত মানসিক প্রতিবন্ধী আনোয়ার হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব। গত বৃহস্পতিবার সন্ধ্যায় যশোরের ঝিকরগাছা উপজেলার মিশ্রী দেয়াড়া এলাকা থেকে আসামি অপূর্বকে এবং র্যাব-৬ (ভাটিয়াপাড়া ক্যাম্প) ফরিদপুরের বোয়ালমারী উপজেলার জয়পাশা এলাকা থেকে আসামি প্রসেনজিৎকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত অপূর্ব নড়াইল সদরের খনিসাখালী গ্রামের অনাধির ছেলে এবং প্রসেনজিৎ একই গ্রামের নিভাসের ছেলে।
র্যাব জানায়, চোর সন্দেহে গত ২৫ জুন দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে নড়াইল সদরের বাঁশগ্রামের কাওসার মোল্লার ছেলে নিহত মানসিক প্রতিবন্ধী আনোয়ার হোসেনকে (৩২) প্রসেনজিতের বাড়ির সামনে একটি গাছের সঙ্গে বেঁধে বেধড়ক মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে প্রথমে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২ জুলাই সকালে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ভাই মামলার বাদী গোলাম নবীর হোসেন নড়াইল সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তের অংশ হিসেবে র্যাব অভিযান চালিয়ে এই দুই আসামিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নড়াইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে।