নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা মুদ্রণ শিল্প মালিক সমিতির সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রোটারিয়ান ফজলে রাব্বি মোপাশা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাঁর এই আকস্মিক মৃত্যুতে যশোরের সামাজিক, ব্যবসায়িক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে তিনি যশোরে হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হন। তাৎক্ষণিকভাবে তাঁকে যশোরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসকদের সর্বাত্মক চেষ্টা সত্ত্বেও বুধবার সন্ধ্যায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মরহুমের মরদেহ যশোর শহরের বস্তাপট্টি মোড়স্থ নিজ বাসভবনে আনা হচ্ছে। মরদেহ যশোরে পৌঁছানোর পর জানাজার সময় ও দাফনের বিষয়ে বিস্তারিত জানানো হবে।
ফজলে রাব্বি মোপাশা দীর্ঘদিন ধরে যশোরের ব্যবসায়ী সমাজের একজন সুপরিচিত মুখ ছিলেন। তিনি জেলা মুদ্রণ শিল্প মালিক সমিতির সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতির সঙ্গেও জড়িত ছিলেন। রোটারি আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে সমাজসেবামূলক নানা উদ্যোগে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর নেতৃত্ব ও অবদান যশোরের বিভিন্ন সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠানে স্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন তাঁর সহকর্মীরা।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এবং সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এছাড়া জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ পৃথক পৃথক বার্তায় গভীর শোক প্রকাশ করেছেন।