নিজস্ব প্রতিবেদক
নিহত ইমরান হোসেন ছবি: এ আই প্রণীত
যশোরের চৌগাছা উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইমরান হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (৪ এপ্রিল) বিকাল ৩টায় চৌগাছা উপজেলার মুক্তাদা তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমরান হোসেন ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার চানপাড়া গ্রামের রায়হানের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ইমরান হোসেন একটি ইজিবাইকে করে চৌগাছা অভিমুখে যাচ্ছিলেন। পথে মুক্তাদা তেল পাম্পের সামনে পৌঁছালে হঠাৎ ইজিবাইকটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে গাড়িটি সড়কের ওপর উল্টে যায় এবং ইমরান হোসেন গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা দ্রুত উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন।
পরে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের পরিবারে নেমে এসেছে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে হাসপাতালের পরিবেশ ভারী হয়ে ওঠে।
চৌগাছা থানা পুলিশ জানায়, দুর্ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও পুলিশ সূত্রে জানানো হয়েছে।
ধ্রুব/টিএম