নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত
যশোরে জেলা প্রশাসনের উদ্যোগে ‘৫ বছরে ২৫ লাখ বৃক্ষরোপণ’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) মনিহার-মুড়লী (এন-৭০৭) জাতীয় মহাসড়কে চারা রোপণের মধ্য দিয়ে এ কার্যক্রমের সূচনা করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকারের দেশব্যাপী বৃক্ষরোপণ পরিকল্পনার অংশ হিসেবে স্থানীয়ভাবে এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু এবং যশোর প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, পরিবেশের সুরক্ষা নিশ্চিত করতে বনায়নের কোনো বিকল্প নেই। মহাসড়কের সৌন্দর্য বর্ধন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় এই ২৫ লাখ বৃক্ষরোপণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে এই বনায়ন কর্মসূচি সফল করতে সর্বস্তরের নাগরিকদের সহযোগিতা কামনা করেন এবং রোপণকৃত চারাগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণের ওপর জোর দেন। মহাসড়কের দুই পাশে পরিকল্পিত এই বনায়ন প্রকল্প সম্পন্ন হলে জেলার জীববৈচিত্র্য ও প্রাকৃতিক শোভাবর্ধন হবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।