নিজস্ব প্রতিবেদক
কোতোয়ালি থানা ভবন ছবি: সংগৃহীত
যশোরবাসীর দীর্ঘদিনের পরিচিত কোতোয়ালি থানার পুরোনো জরাজীর্ণ ভবনটি অবশেষে ভেঙে ফেলা হচ্ছে। সেখানে নির্মিত হতে যাচ্ছে আধুনিক ও দৃষ্টিনন্দন নতুন ভবন। আর এই নির্মাণকাজ চলাকালীন আগামী দুই বছরের জন্য কোতোয়ালি থানার যাবতীয় প্রশাসনিক কার্যক্রম অস্থায়ীভাবে পরিচালিত হবে চাঁচড়া পুলিশ ফাঁড়ি ভবন থেকে।
থানা সূত্র জানিয়েছে, নতুন ভবনের কাজ শুরুর সুবিধার্থে আগামী ৫ এপ্রিলের মধ্যেই বর্তমান ভবন ছেড়ে দেওয়ার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্মাণকালীন এই দীর্ঘ সময়ে সাধারণ মানুষ ও বিচারপ্রার্থীদের কোতোয়ালি থানার সেবার জন্য এখন থেকে চাঁচড়া ফাঁড়িতে যেতে হবে। অন্যদিকে, কোতোয়ালি থানার বর্তমান 'মডেল ভবনটি' সাময়িকভাবে চাঁচড়া পুলিশ ফাঁড়ির অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহৃত হবে।
গণপূর্ত বিভাগ যশোরের নির্বাহী প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম জানান, প্রায় ১১ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে ১৫ শতক জমির ওপর ৬ তলা ফাউন্ডেশনের এই ভবনটি নির্মিত হবে। ঝিনাইদহের ঠিকাদার মিজানুর রহমান মাসুমকে ইতোমধ্যে কার্যাদেশ দেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে ৪ তলা পর্যন্ত কাজ সম্পন্ন করা হবে, যেখানে প্রথম ও দ্বিতীয় তলায় প্রশাসনিক শাখা, তৃতীয় তলায় নারী ব্যারাক এবং চতুর্থ তলায় পুরুষ পুলিশ সদস্যদের জন্য আধুনিক ব্যারাক থাকবে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের মাঝামাঝিতে মূল নির্মাণকাজ শুরু হবে এবং তা সম্পন্ন হতে প্রায় দুই বছর সময় লাগতে পারে।
প্রাচীন এই জেলা শহরের কোতোয়ালি থানার বর্তমান ভবনটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় থাকায় পুলিশ সদস্যদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। আবাসন সংকট ও প্রশাসনিক কাজের অসুবিধার কথা বিবেচনা করেই সরকার এই নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান নিশ্চিত করেছেন যে, নির্মাণকাজ চলাকালীন জনসেবা নিরবিচ্ছিন্ন রাখতে চাঁচড়া ফাঁড়িতে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।