এম. মনির
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান কাল এই মাঠে বক্তব্য রাখবেন ছবি: ধ্রুব নিউজ
যশোর: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রথমবারের মতো যশোর সফরে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। তার এই আগমনকে কেন্দ্র করে যশোর জেলাজুড়ে বইছে উৎসবের আমেজ। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও সৃষ্টি হয়েছে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা।
দলীয় সূত্রমতে, আগামীকাল সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে যশোর উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে এক বিশাল জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন তারেক রহমান। আজ রোববার সরেজমিনে দেখা গেছে, ক্রীড়া উদ্যানে বিশাল মঞ্চ নির্মাণ, প্যান্ডেল সাজসজ্জা ও অবকাঠামোগত প্রস্তুতির কাজ দ্রুতগতিতে চলছে। উন্নতমানের সাউন্ড সিস্টেম স্থাপন এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে স্বেচ্ছাসেবক দল ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মঞ্চ নির্মাণে নিয়োজিত শ্রমিকরা জানান, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করার লক্ষ্যে তারা দিনরাত পরিশ্রম করছেন। ইতোমধ্যে মঞ্চের মূল কাঠামো সম্পন্ন হয়েছে এবং সাজসজ্জার কাজ শেষ পর্যায়ে রয়েছে।
জনসভা সফল করতে যশোর জেলা বিএনপি ব্যাপক সাংগঠনিক তৎপরতা গ্রহণ করেছে। জেলার আটটি উপজেলা ও সকল ইউনিয়নে নিয়মিত প্রস্তুতি সভা ও সমন্বয় বৈঠক করা হচ্ছে। প্রচারণা হিসেবে চলছে মাইকিং, লিফলেট বিতরণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারণা।
যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু জানান, দলের মহাসচিব শুক্রবার রাতে চেয়ারম্যান তারেক রহমানের সফরসূচি জেলা বিএনপিকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেন। এরপর থেকেই নেতাকর্মীদের মধ্যে বাঁধভাঙা জোয়ার সৃষ্টি হয়েছে। এটি আমাদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। মঞ্চ প্রস্তুতির কাজ এখন শেষ পর্যায়ে, সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে জনসভায় যোগ দিতে উন্মুখ হয়ে আছেন।
জনসভাকে কেন্দ্র করে যশোর শহরের প্রতিটি সড়ক, প্রবেশপথ এবং গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকায় ছেয়ে গেছে। যানজট নিরসন ও জনসমাগম নিয়ন্ত্রণে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে জেলা বিএনপি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তারেক রহমানের এই যশোর সফর দক্ষিণবঙ্গের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে এবং বিএনপির সাংগঠনিক শক্তি প্রদর্শনের এক বিশাল মাইলফলক হয়ে থাকবে।