তারেক রহমান ছবি: সংগৃহীত
উত্তরাঞ্চলে তিন দিনের নির্বাচনী সফর শেষে আজ সোমবার খুলনা ও যশোরে দুটি সমাবেশে যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ সকালে ঢাকা থেকে তারেক রহমান হেলিকপ্টারে প্রথমে খুলনায় পৌঁছাবেন। সেখানে দুপুর ১২টার দিকে খালিশপুর প্রভাতি হাই স্কুল মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে তিনি বক্তব্য দেবেন। এর পর দুপুর দেড়টার দিকে হেলিকপ্টারে যশোর আসবেন।
যশোরে তারেক রহমানের সমাবেশ হবে শহরের বাইরে, উপশহর কলেজ মাঠে। জনসমাগম ও যানজটের বিষয়টি বিবেচনায় নিয়ে জেলা বিএনপি এ সিদ্ধান্ত নিয়েছে। এ সমাবেশে যশোরের ছয়টি সংসদীয় আসনসহ মোট সাত জেলার বিএনপি প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হবে।
রোববার দুপুরে প্রেস ক্লাব যশোরের শহীদ গোলাম মাজেদ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও যশোর-৩ (সদর) আসনের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত।
তিনি বলেন, মাত্র দুই দিনের নোটিশে এত বড় সমাবেশ আয়োজন করতে নেতাকর্মীরা দিনরাত পরিশ্রম করছেন। আশা করা হচ্ছে, এটি যশোরে বিএনপির সর্ববৃহৎ জনসমাবেশে পরিণত হবে।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, জনসভার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং শান্তিপূর্ণ পরিবেশে সমাবেশ সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
দলীয় সূত্র জানায়, যশোরের সমাবেশ শেষে বিকেলেই হেলিকপ্টারে ঢাকায় ফিরে যাবেন বিএনপি চেয়ারম্যান।