নিজস্ব প্রতিবেদক
ছবি: প্রতীকী
যশোরের রাজারহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক মুশফিকুর রহিম (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় ইয়াসিন আলী (২৬) নামে আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। হতাহত দুজনই প্রাণ-আরএফএল কোম্পানিতে কর্মরত ছিলেন।
শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে যশোর কোতোয়ালি থানাধীন রাজারহাট অগ্রণী ব্যাংকের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
মুশফিকুর ও ইয়াসিন কর্মস্থল শেষে মোটরসাইকেল যোগে রাজারহাট থেকে যশোরের দিকে আসছিলেন। তারা অগ্রণী ব্যাংকের সামনে পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান মুশফিকুর রহিম।
নিহত মুশফিকুর চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের মাখাপুর গ্রামের মৃত আনিসুর রহমানের ছেলে। দুর্ঘটনায় গুরুতর আহত ইয়াসিন আলীর শরীরের নিম্নাংশ মারাত্মকভাবে জখম হয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। আহত ইয়াসিন কোতোয়ালি থানার ঘুরুলিয়া আড়পাড়া গ্রামের আলী আকবরের ছেলে।
যশোর কোতোয়ালি থানার পুলিশ জানায়, ঘাতক ট্রাকটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে। নিহত মুশফিকুরের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।