নিজস্ব প্রতিবেদক
চেকপোস্ট বসিয়ে তল্লাশী চালাচ্ছে বিজিবি ছবি: ধ্রুব নিউজ
ভোটের মাঠের নিরাপত্তা ও জনমনে স্বস্তি ফেরাতে সীমান্তজুড়ে এক অভেদ্য 'নিরাপত্তা বলয়' গড়ে তুলেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যশোর ৪৯ ব্যাটালিয়নের অধীনে যশোর, গোপালগঞ্জ ও নড়াইল জেলার ১১টি সংসদীয় আসনে ৩০.৭ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের মাধ্যমে এই কঠোর নজরদারি নিশ্চিত করা হচ্ছে। নাশকতার যেকোনো অপচেষ্টা রুখতে নির্বাচনী এলাকার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ৭০টি পয়েন্টে বসানো হয়েছে অস্থায়ী চেকপোস্ট।
আগামী ৩০ জানুয়ারির মধ্যে প্রায় এক হাজার বিজিবি সদস্য এই তিন জেলার ১৬টি উপজেলায় মোতায়েন সম্পন্ন হবে। এর মধ্যে ২৯ জানুয়ারি থেকেই গোপালগঞ্জের ৩টি আসনে ৮.৭ প্লাটুন এবং যশোরের ৪টি আসনে ১৫ প্লাটুন বিজিবি সদস্য মাঠ পর্যায়ে তাদের অবস্থান গ্রহণ করেছে। ৩০ জানুয়ারি বাকি সদস্যদের মোতায়েনের মাধ্যমে পুরো অঞ্চলকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হবে।
যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, নিছক গতানুগতিক মোতায়েন নয়, বরং ৭০টি পয়েন্টে চেকপোস্ট বসিয়ে প্রতিটি সন্দেহভাজন গতিবিধি পর্যবেক্ষণ ও তল্লাশি চালানো হচ্ছে। এছাড়া ভোটকেন্দ্রের সার্বিক পরিস্থিতি বুঝতে ‘রেকি’ ও নিয়মিত টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ ঠেকাতে যশোর ব্যাটালিয়ন যেমন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে, তেমনি সাধারণ ভোটারদের ভয়ভীতিহীন পরিবেশে ভোটকেন্দ্রে আনতে নিয়মিত সচেতনতামূলক সভা করছে।
বিজিবি মনে করে, জনগণের আস্থা ও নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে আইন ও সংবিধানের আলোকে তাদের এই নিরাপত্তা বলয় আসন্ন নির্বাচনকে একটি উৎসবমুখর ও শান্তিপূর্ণ রূপ দেবে।