অভয়নগর (যশোর) প্রতিনিধি
মিছিলের সামনে ফারাজী মতিয়ার রহমান ছবি: ধ্রুব নিউজ
যশোরের অভয়নগরে ধানের শীষ প্রতীকের পক্ষে এক বিশাল নির্বাচনী জনসভা ও ব্যাপক প্রচারণা মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৩টা থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও নওয়াপাড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল এসে নওয়াপাড়া শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত জনসভায় সমবেত হয়। এতে পুরো এলাকা নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে।
জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধানের শীষের মনোনীত প্রার্থী ফারাজী মতিয়ার রহমান। তিনি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় ধানের শীষে ভোট দিয়ে আমাদের বিজয়ী করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম হায়দার ডাবলু, থানা সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল এবং পৌর সাধারণ সম্পাদক রেজাউল করীম মোল্লা। স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোল্লা হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় জনসভা শেষে একটি বিশাল মিছিল বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে ১নং প্রেমবাগ ইউনিয়নেও অনুরূপ নির্বাচনী আমেজ লক্ষ্য করা গেছে। ইউনিয়নের মাগুরা ভোটকেন্দ্রের উদ্যোগে আয়োজিত এক প্রচারণা মিছিলে জিয়াডাঙ্গা, মাগুরা ও ধলিগাতী ওয়ার্ডের কয়েকশ নেতাকর্মী অংশগ্রহণ করেন। মাগুরা আঞ্চলিক কার্যালয় থেকে শুরু হওয়া এই মিছিলে উপস্থিত ছিলেন যশোর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি রবিউল ইসলাম, অভয়নগর থানা ওলামা মাশায়েখ সহ-সভাপতি মাওলানা শাহাদাত হোসাইন এবং ছাত্রনেতা রকিবুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
উভয় কর্মসূচিতেই নেতৃবৃন্দ জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা কোনো উসকানিতে পা না দিয়ে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান। মিছিল ও জনসভাগুলো শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার মাধ্যমে এলাকায় নির্বাচনী প্রচারণা আরও জোরদার হয়েছে।