ধ্রুব ডেস্ক
ফাইল ছবি ছবি: সংগৃহীত
৩৮ মাস পর বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। সোমবার দিন শেষে গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ দশমিক শূন্য ৬ বিলিয়ন ডলার। আর বিপিএম৬ অনুযায়ী, রিজার্ভ ঠেকেছে ২৯ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে।
দেশের ইতিহাসে রিজার্ভ সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলার হয় ২০২১ সালের আগস্টে। তবে প্রচুর ডলার বিক্রির কারণে ধারাবাহিকভাবে কমে আওয়ামী লীগ সরকার পতনের আগে ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে নেমে যায়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে অর্থপাচারে কড়াকড়ির ফলে হুন্ডি কমে বৈধ পথে রেমিট্যান্স বাড়ছে।
মূলত অর্থপাচারের বিরুদ্ধে কঠোর অবস্থানের কারণে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্সে উচ্চ প্রবাহ তৈরি হয়েছে। এতে করে বাজার থেকে প্রচুর ডলার কেনায় রিজার্ভ এভাবে বাড়ছে।
অর্থনৈতিক সূত্র মতে, চলতি অর্থবছরের শুরু থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত ব্যাংকিং চ্যানেলে ২ হাজার ৪৬ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। এই রেমিট্যান্স গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২৩ শতাংশ বেশি। গত অর্থবছর রেমিট্যান্স বেড়েছিল ২৭ শতাংশ। এতে করে ব্যাংকগুলোর কাছে উদ্বৃত্ত ডলার জমা হচ্ছে। চলতি অর্থবছরের শুরু থেকে সোমবার পর্যন্ত বাজার থেকে কেন্দ্রীয় ব্যাংক ৪৭৩ কোটি ডলার কিনেছে। ফলে রিজার্ভ বেড়েছে।
গত জানুয়ারিতে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন-আকু নভেম্বর–ডিসেম্বরের জন্য প্রায় ১৫৪ কোটি ডলার পরিশোধের পর রিজার্ভ কমে ৩২ দশমিক ৪৪ বিলিয়ন ডলারে নেমেছিল। আর আইএমএফের হিসাব পদ্ধতি বিপিএম৬ অনুযায়ী, রিজার্ভ হয় ২৭ দশমিক ৮৫ বিলিয়ন ডলারে। আকুর দায় শোধের আগে গ্রস রিজার্ভ উঠেছিল ৩৩ দশমিক ৯৭ বিলিয়ন ডলার। আর বিপিএম৬ অনুযায়ী, ২৯ দশমিক ৩৮ বিলিয়ন ডলার।