Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

গোপালগঞ্জে সহিংসতার মাশুল গুনছেন যশোর-খুলনার যাত্রীরা; ট্রেন বন্ধ ও ঘুরপথে বাসেও দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ২৫ নভেম্বর,২০২৬, ০১:০১ পিএম
গোপালগঞ্জে সহিংসতার মাশুল গুনছেন যশোর-খুলনার যাত্রীরা; ট্রেন বন্ধ ও ঘুরপথে বাসেও দুর্ভোগ

এভাবেই আগুনে পুড়িয়ে দেওয়া হয় পুলিশের গাড়ি। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা ও নাশকতার জেরে সরাসরি ভুক্তভোগী হচ্ছেন পার্শ্ববর্তী খুলনা ও যশোর অঞ্চলের লাখো মানুষ। গত ১০ দিন ধরে ঢাকা-খুলনা রুটের ‘জাহানাবাদ এক্সপ্রেস’ এবং ঢাকা-বেনাপোল রুটের ‘রূপসী বাংলা’ ট্রেন চলাচল বন্ধ থাকায় স্থবির হয়ে পড়েছে সাশ্রয়ী ও দ্রুতগতির রেল যোগাযোগ। অন্যদিকে, নাশকতার আতঙ্কে দূরপাল্লার বাসগুলো গোপালগঞ্জ রুট এড়িয়ে বিকল্প পথে চলাচল করায় ঢাকায় যাতায়াতে সময় ও খরচ—দুটোই বেড়েছে কয়েক গুণ। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ঢাকামুখী রোগী, শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ শ্রমজীবী মানুষ।

গত ১৫ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিল, ভাঙচুর ও পরবর্তী সময়ে টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনার পর থেকে নিরাপত্তার কারণে গোপালগঞ্জ জেলার ওপর দিয়ে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ করে দেয় সরকার। রেলপথ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী মাসেও নাশকতার আশঙ্কা থাকায় সরকার এখনই ট্রেন চালুর বিষয়টি ভাবছে না।

ট্রেন বন্ধে বিপাকে রোগী ও নিয়মিত যাত্রীরা পদ্মা সেতু হয়ে গোপালগঞ্জের কাশিয়ানী জংশন দিয়ে প্রতিদিন ঢাকা-খুলনা রুটে ‘জাহানাবাদ এক্সপ্রেস’ এবং ঢাকা-বেনাপোল (যশোর) রুটে ‘রূপসী বাংলা’ ট্রেন চলাচল করত। মাত্র সাড়ে তিন থেকে চার ঘণ্টায় এবং স্বল্প ভাড়ায় ঢাকায় পৌঁছানোর সুযোগ থাকায় অল্প দিনেই ট্রেন দুটি এ অঞ্চলের মানুষের লাইফলাইনে পরিণত হয়েছিল। কিন্তু ১৫ নভেম্বর থেকে ট্রেন দুটি বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

যশোর থেকে চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছিলেন ষাটোর্ধ্ব রোগী মিজানুর রহমান। যশোরের মণিহার বাসস্ট্যান্ডে অপেক্ষারত অবস্থায় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, "হার্টের সমস্যার কারণে প্রতি মাসে ঢাকায় ডাক্তার দেখাতে যাই। রূপসী বাংলা ট্রেনে মাত্র চার ঘণ্টায় আরামে ঢাকায় পৌঁছে যেতাম, ভাড়াও ছিল নাগালের মধ্যে। এখন ট্রেন বন্ধ থাকায় বাধ্য হয়ে বাসে যাচ্ছি। দীর্ঘ জার্নি আর ঝাঁকুনিতে আমার মতো অসুস্থ মানুষের প্রাণ ওষ্ঠাগত।"

ব্যবসা-বাণিজ্য ও শিক্ষার্থী পরিবহনে স্থবিরতা বেনাপোল স্থলবন্দরকেন্দ্রিক ব্যবসায়ীরাও পড়েছেন বড় সমস্যায়। বেনাপোলের ব্যবসায়ী শফিকুল ইসলাম জানান, ব্যবসায়িক কাজে ও ব্যাংকিং প্রয়োজনে প্রায়ই ঢাকায় ছুটতে হয়। ‘রূপসী বাংলা’ ট্রেন বন্ধ থাকায় পণ্য খালাস ও ব্যবসায়িক লেনদেনে সময়ক্ষেপণ হচ্ছে। পাশাপাশি বেনাপোল থেকে ভারতফেরত পাসপোর্টধারী যাত্রীরাও ঢাকায় ফিরতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়ছেন।

এ ছাড়া ঢাকায় অধ্যয়নরত খুলনা ও যশোরের শত শত শিক্ষার্থী এবং চাকরিপ্রার্থীরাও নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন না। রেলস্টেশনে টিকিট কাটতে এসে ট্রেন বন্ধের খবর পেয়ে প্রতিদিনই হতাশ হয়ে ফিরছেন অসংখ্য মানুষ।

গোপালগঞ্জ এড়িয়ে চলছে বাস, বাড়ছে সময় ও ভাড়া ট্রেন বন্ধের চাপ গিয়ে পড়েছে সড়কপথে। কিন্তু গোপালগঞ্জের মহাসড়কে গাছ ফেলে অবরোধ, পুলিশ বক্সে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার পর থেকে খুলনা ও যশোর থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী অধিকাংশ পরিবহন গোপালগঞ্জ রুট এড়িয়ে চলছে।

পরিবহন চালকেরা জানান, নাশকতা ও গাড়ি ভাঙচুরের আতঙ্কে তারা গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতুতে উঠতে চাইছেন না। ফলে যশোর ও খুলনার বাসগুলো মাগুরা-ফরিদপুর-ভাঙ্গা হয়ে কিংবা রাজবাড়ী-দৌলতদিয়া ঘাট ঘুরে ঢাকায় যাতায়াত করছে। এতে যাতায়াতের দূরত্ব যেমন বেড়েছে, তেমনি গন্তব্যে পৌঁছাতে স্বাভাবিকের চেয়ে দুই থেকে তিন ঘণ্টা বেশি সময় লাগছে।

যশোরের একটি পরিবহন কাউন্টারের ব্যবস্থাপক বলেন, "গোপালগঞ্জের পরিস্থিতি অস্থিতিশীল থাকায় যাত্রী ও কোটি টাকার গাড়ির নিরাপত্তার কথা ভেবে আমরা ওই রুট এড়িয়ে চলছি। বিকল্প পথে ঘুরপথে যাওয়ার কারণে তেল খরচ ও সময় দুটোই বেশি লাগছে। তবে যাত্রীদের নিরাপত্তাই আমাদের কাছে প্রধান।" বাসে যাত্রীর চাপ বেড়ে যাওয়ায় অনেক সময় তাৎক্ষণিক টিকিট মিলছে না বলেও অভিযোগ যাত্রীদের।

সহসা কাটছে না ভোগান্তি

গোপালগঞ্জে বন্ধ থাকা ট্রেন সেবা এখনই চালু হচ্ছে না। রেলপথ মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, নাশকতার আশঙ্কা থাকায় সরকার এখনই ট্রেন চালুর বিষয়টি ভাবছে না। পরিস্থিতি স্বাভাবিক হলে তখন চালুর উদ্যোগ নেওয়া হবে।

রেলপথ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, গোপালগঞ্জে দিনে পাঁচটি ট্রেন চলাচল করত। বন্ধ হওয়ার আগে ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ সকাল ছয়টায় গোপালগঞ্জ থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যেত। রাত সাড়ে ১০টার মধ্যে রাজশাহী থেকে আবার গোপালগঞ্জে ফিরে আসত। ‘অভিযাত্রী কমিউটার ট্রেন’ ঢাকা থেকে গোপালগঞ্জে দিনে একবার চলাচল করত। ‘রূপসী বাংলা’ ঢাকা থেকে গোপালগঞ্জের কাশিয়ানী হয়ে যশোরের বেনাপোল পর্যন্ত চলাচল করত। এ ছাড়া ‘জাহানাবাদ এক্সপ্রেস’ ঢাকা থেকে গোপালগঞ্জের কাশিয়ানী হয়ে খুলনা পর্যন্ত চলাচল করত। ‘ভাটিয়াপাড়া এক্সপ্রেস’ ফরিদপুরের ভাঙ্গা থেকে গোপালগঞ্জের ভাটিয়াপাড়া রেলস্টেশন পর্যন্ত চলাচল করত। ১৫ নভেম্বর থেকে এসব ট্রেন সেবা বন্ধ রয়েছে।

ট্রেন সেবা বন্ধ থাকায় গোপালগঞ্জবাসীও চরম বিপাকে পড়েছেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)