ধ্রুব নিউজ ডেস্ক
খুলনা নগরের টুটপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকদ্রব্যসহ তিনজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আজ বুধবার (২৫ নভেম্বর) ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে টুটপাড়া থেকে তাঁদের হেফাজতে নেওয়া হয়। অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি ওয়ান শুটার গান, শটগানের চারটি তাজা গুলি এবং মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
আটককৃত তিনজন হলেন—সেজান, সত্তার ও নয়ন।
গণমাধ্যমের কাছে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন খুলনা সদর থানার উপপরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান। তিনি জানান, আটক সেজান খুলনার চিহ্নিত একটি সন্ত্রাসী বাহিনীর নেতার অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এবং তাঁর বিরুদ্ধে হত্যা মামলাসহ থানায় একাধিক অভিযোগ ও মামলা রয়েছে।
পুলিশ সূত্র আরও জানিয়েছে, জব্দকৃত অস্ত্র ও মাদকদ্রব্যের বিষয়ে সংশ্লিষ্ট আইনে পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।