Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

❒ শেখ হাসিনার ফেরা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

‘আসিব, আসিব বলিয়া কতদিন পার হবে?’

ধ্রুব নিউজ ডেস্ক ধ্রুব নিউজ ডেস্ক
প্রকাশ : বুধবার, ২৫ নভেম্বর,২০২৬, ০৫:৫৭ পিএম
‘আসিব, আসিব বলিয়া কতদিন পার হবে?’

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমেদ ছবি: সংগৃহীত

গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ভারতের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (২৫ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি স্পষ্ট করে বলেন, পলাতক ও দণ্ডপ্রাপ্ত এই আসামির দেশে ফেরার একমাত্র পথ হলো দুদেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি বা এক্সট্রাডিশন ট্রিটি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে পাঠানো ওই চিঠির প্রেক্ষিতে ভারত সরকারও বিষয়টি আইনগতভাবে পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে।

​সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফেরার নানা গুঞ্জন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অনেকটা কটাক্ষের সুরে বলেন, “এখন আসিব, আসিব বলিয়া কত দিন পার হবে, কোন দিন! একবার নভেম্বর, একবার ডিসেম্বর কিংবা ১৬ তারিখের কথা শোনা যায়। এসব ভিত্তিহীন প্রচারণায় আমাদের কোনো মনোযোগ নেই, তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আমরা সর্বদা সতর্ক রয়েছি।”

​আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কঠোর অবস্থান ব্যক্ত করে সালাহউদ্দিন আহমদ বলেন, নিজের কর্মকাণ্ডের মাধ্যমেই দলটি একটি সন্ত্রাসী সংগঠনে রূপ নিয়েছে। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে সংঘটিত গণহত্যার পর দলটির রাজনৈতিক বৈধতা শেষ হয়ে গেছে এবং এ দেশের মানুষও তাদের আর গ্রহণ করবে না। জার্মানির নাৎসি বাহিনীর উদাহরণ টেনে তিনি মন্তব্য করেন, ইতিহাসে কোনো গণহত্যাকারী ফ্যাসিস্ট বা মাফিয়া শক্তি কখনোই রাজনীতিতে ফিরতে পারেনি; কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগও আর কখনো বাংলাদেশে গণতান্ত্রিক রাজনীতিতে ফিরতে পারবে না।

​সীমান্তের ওপার থেকে দেশে অস্থিতিশীলতা তৈরির ষড়যন্ত্র চলছে উল্লেখ করে মন্ত্রী জানান, পলাতক নেতারা পূর্ব ও পশ্চিম সীমান্তের ওপারে বসে দেশে আত্মগোপনে থাকা কর্মীদের মশাল মিছিল, হরতাল ও অবরোধের মতো নাশকতামূলক কর্মসূচির নির্দেশ দিচ্ছেন। মূলত তারা দেশের ভেতরে থাকা নেতা-কর্মীদের প্রতারণার ফাঁদে ফেলে বিপদের মুখে ঠেলে দিচ্ছেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত ধৈর্য ও কৌশলের সঙ্গে কোনো প্রাণহানি বা সম্পদের ক্ষতি ছাড়াই অতীতের সব অপচেষ্টা নস্যাৎ করে দিয়েছে। ভবিষ্যতেও কেউ অগ্নিসন্ত্রাস বা জনগণের জানমালের ক্ষতি করার চেষ্টা করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

​আসন্ন মহান বিজয় দিবস নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে আন্তঃমন্ত্রণালয় সভার মাধ্যমে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বিভিন্ন জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন প্রসঙ্গে তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যেখানে অস্থিরতার আশঙ্কা দেখা দেয়, সেখানে পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা একটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া। এ ছাড়া আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করার বিষয়টি বর্তমানে একটি চলমান বিচারিক প্রক্রিয়া বলে তিনি উল্লেখ করেন। মন্ত্রী জানান, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (সংশোধন) আইন, ২০২৬ এবং সংবিধানের ৪৭ অনুচ্ছেদ অনুযায়ী মানবতাবিরোধী অপরাধে ব্যক্তির পাশাপাশি সংগঠনকেও বিচারের আওতায় আনার বিধান রয়েছে। ইতিমধ্যেই অন্তর্বর্তী সরকারের প্রজ্ঞাপনের মাধ্যমে দল ও এর অঙ্গসংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং নির্বাচন কমিশন তাদের নিবন্ধন স্থগিত রেখেছে।

​পুলিশ প্রশাসনের ভেতরে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ জানান, সরকারি চাকরিতে থেকে ষড়যন্ত্রে লিপ্ত থাকার সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে ইতিমধ্যে কয়েকজন পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করে রাষ্ট্রদ্রোহ ও বিভাগীয় মামলা দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাসিন্দা ও সেখানে কর্মরত একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার (ক্লোজ) করা হয়েছে। অন্যদিকে, তৈরি পোশাক খাতের সাম্প্রতিক অস্থিরতা প্রসঙ্গে মন্ত্রী বলেন, মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সম্মতিতে মজুরি বোর্ডের মাধ্যমে গণতান্ত্রিক উপায়ে ন্যূনতম মজুরি নির্ধারিত হয়েছে, যাতে প্রকৃত শ্রমিক ও মালিকরা সন্তুষ্ট। বর্তমানে শ্রমিক অঞ্চলে গুজব ছড়িয়ে যারা বিশৃঙ্খলা করছে তারা প্রকৃত শ্রমিক নন; বরং একটি মহল এটিকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে ব্যবহারের অপচেষ্টা চালাচ্ছে, যাদের নেপথ্যের ইন্ধনদাতাদের খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

​সবশেষে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের সংলাপের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী ইতিমধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কয়েকজন নেতার সঙ্গে বৈঠক করেছেন এবং পর্যায়ক্রমে জোটগতভাবে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও আলোচনায় বসার পরিকল্পনা রয়েছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)