বেনাপোল প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরের শার্শায় প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) বিকেল চারটায় শার্শা উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ১ সেপ্টেম্বর দিনব্যাপী শার্শা উপজেলার ১১টি ইউনিয়নে মোটরসাইকেল র্যালি অনুষ্ঠিত হবে। ২ ও ৩ সেপ্টেম্বর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে বৃক্ষরোপণ, দোয়া ও আলোচনা সভা করা হবে। ৪ সেপ্টেম্বর বিকেল তিনটায় বাগআঁচড়া হাইস্কুল মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহিরের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও যশোর-১ (শার্শা) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী আলহাজ নুরুজ্জামান লিটন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু, সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান রুহুল কুদ্দুস, যুগ্ম সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস ও তাজউদ্দীন, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু ও সালাউদ্দিনসহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
এ ছাড়া উপজেলার ১১টি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, মৎস্যজীবী দল, কৃষক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সভায় অংশ নেন।
সভায় বক্তব্যে নুরুজ্জামান লিটন বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন মহৎ ও সাহসী মানুষ ছিলেন। দেশনেত্রী খালেদা জিয়া একজন সৎ ও ত্যাগী নেত্রী ছিলেন। তাঁদের আদর্শকে সামনে রেখে বিএনপি এগিয়ে যাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘তারেক রহমান সাহসের পরিচয় দিয়ে জনগণের পাশে রয়েছেন এবং দেশকে একটি রোল মডেল হিসেবে গড়ে তুলতে চান। আগামী দিনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে নুরুজ্জামান লিটন বলেন, সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন রয়েছে। দল যাঁকে মনোনয়ন দেবে, তাঁর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে বিজয় নিশ্চিত করতে হবে। দলের সিদ্ধান্তের প্রতি আস্থা রেখে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।