ধ্রুব নিউজ
যশোরের ঝিকরগাছায় ১৭ কোটি টাকার কথিত প্লাটিনাম বিক্রির প্রলোভন দেখিয়ে ৬৭ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় আরও দুজনকে আটক করেছে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। আটকের পর আদালতে পাঠানো হলে অভিযুক্ত দুজনই ঘটনার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
আটকরা হলেন—সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বাজারগ্রামের মৃত জয়নাল সরদারের ছেলে আব্দুর রাজ্জাক সরদার এবং সাতবসু গ্রামের মৃত কাসেম কারিকরের ছেলে শাহাজান আলী কারিকর। শুক্রবার (২৮ আগস্ট) মধ্যরাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।
এর আগে একই মামলার প্রধান আসামি শরিফুল ইসলামকে ঢাকার রমনা এলাকা থেকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই রাজ্জাক ও শাহাজানকে আইনের আওতায় আনা হয়।
তদন্ত ও মামলা সূত্রে জানা যায়, বিশাল লাভে ১৭ কোটি টাকায় প্লাটিনাম বিক্রির কথা বলে ব্যবসায়ী সোহরাব হোসেন পিন্টু ও তার কর্মচারী মামুনের কাছ থেকে বিভিন্ন দফায় ৬৭ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেয় চক্রটি। গত ১৯ আগস্ট পণ্য হস্তান্তরের কথা বলে ভুক্তভোগীদের সাতক্ষীরায় ডেকে একটি প্লাস্টিকের বক্স ধরিয়ে দেওয়া হয়। পরে সেটি খুলে কেবল ইটের টুকরো মেলে।
প্রতারিত হয়ে ভুক্তভোগী সোহরাব হোসেন পিন্টু যশোর জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ জানান। পুলিশ সুপারের নির্দেশে সাইবার ক্রাইম টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে শরিফুলকে গ্রেপ্তারের মাধ্যমে মামলার জট খোলে।
শনিবার (২৯ আগস্ট) আটক দুজনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে বিচারকের কাছে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দি গ্রহণ শেষে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।