❒ কোটচাঁদপুরে জামায়াতের কর্মী সমাবেশে
কোটচাঁদপুর প্রতিনিধি
শুক্রবার (২৮ আগস্ট) বাদ মাগরিব কোটচাঁদপুরের আলফালাহ ইসলামী সেন্টার মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কোটচাঁদপুর পৌর শাখা আয়োজিত কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। ছবি: ধ্রুব নিউজ
মানুষের আস্থা অর্জনে কথা ও কাজের মধ্যে সামঞ্জস্য রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঝিনাইদহ জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই।
তিনি বলেন, মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও প্রত্যাশার সঙ্গে সম্পৃক্ত হয়ে তাদের পাশে দাঁড়াতে হবে। গণসংযোগের মাধ্যমে ইসলামের ন্যায়, ইনসাফ ও মানবকল্যাণের আদর্শ মানুষের কাছে তুলে ধরতে হবে।
মাসব্যাপী গণসংযোগ কর্মসূচি উপলক্ষে শুক্রবার (২৮ আগস্ট) বাদ মাগরিব কোটচাঁদপুরের আলফালাহ ইসলামী সেন্টার মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কোটচাঁদপুর পৌর শাখা আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পৌর জামায়াতের আমীর মুহাদ্দিস মুহা. আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কোটচাঁদপুর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মো. আজিজুর রহমান এবং জেলা শুরা সদস্য ও কোটচাঁদপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী মুহা. শরিফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর সেক্রেটারি মো. মাহফুজুল হক।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই আরও বলেন, “গণসংযোগের মূল লক্ষ্য হবে মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা এবং তাঁদের কথা মনোযোগ দিয়ে শোনা। শুধু বক্তব্য দিলেই হবে না, মানুষের প্রয়োজনে সক্রিয়ভাবে পাশে দাঁড়াতে হবে।”
তিনি সংগঠনের প্রতিটি কর্মীকে সৎ, দায়িত্বশীল ও আদর্শবান হিসেবে নিজেদের গড়ে তোলার তাগিদ দেন। একই সঙ্গে মার্জিত আচরণ ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জনের পরামর্শ দেন।
ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা ও মানবকল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি মাসব্যাপী গণসংযোগ কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের নিষ্ঠা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে মাঠে সক্রিয় থাকার নির্দেশনা দেন।
কর্মী সমাবেশে কোটচাঁদপুর পৌর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।