যশোরের শার্শায় যুবদলের মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি: ধ্রুব নিউজ
যশোরের শার্শায় যুবদলের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) বিকেলে শার্শা উপজেলা পরিষদের সামনে উপজেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে যশোর জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ, সাধারণ সম্পাদক আনসারুল হক রানা এবং শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে মানহানিকর প্রচারণা চালানো হচ্ছে বলে অভিযোগ করেন বক্তারা।
বক্তারা বলেন, একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বানোয়াট তথ্য ছড়িয়ে দিচ্ছে। এসব প্রচারণা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলেও দাবি করেন তারা।
মানববন্ধনে জানানো হয়, এ ঘটনায় শার্শা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১৫৫৩, তারিখ-৩১/০৩/২০২৬) করা হয়েছে। জিডিতে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও মানহানিকর পোস্ট ছড়ানোর অভিযোগ উল্লেখ করা হয়েছে। প্রতিবাদ জানালে অভিযুক্ত ব্যক্তি হুমকি-ধামকি দিয়েছেন বলেও অভিযোগ করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন শার্শা উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল মজিদ। বক্তব্য দেন বেনাপোল পৌর যুবদলের সদস্যসচিব রায়হানুজ্জামান দিপু, উপজেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক শহীদ আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম পিন্টু ও সবুজ হোসেন, সদস্য আরঙ্গজেব, বেনাপোল পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মির আলম এবং সদস্য মাসুম হোসেন।