খুলনা প্রতিনিধি
খুলনা সার্কিট হাউস মাঠে গতকাল মঙ্গলবার বিকেলে নির্বাচনী জনসভায় বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এর আগে তিনি যশোর ও সাতক্ষীরার জনসভায় যোগ দেন ছবি: ধ্রুব নিউজ
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘অনেকে আবার ফ্যাসিবাদের অ্যাপ্রোন গায়ে দিতে চায়। যুবসমাজ জানিয়ে দিয়েছে– আমরা ওই বস্তাপচা পুরোনো বন্দোবস্ত চাই না। পাঁচ-পাঁচটি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষিত তরুণ-তরুণীরা রায় দিয়ে বলে দিয়েছে, আমরা ইনসাফের পক্ষে, নতুন বাংলাদেশের পক্ষে। আমরা ঐক্যের পক্ষে, বিভক্তির পক্ষে নই।’ তিনি বলেন, জনগণের রায়কে অতীতে যারা সম্মান করেনি, তাদের পরিণতি ভালো হয়নি।
আজ মঙ্গলবার বিকেলে খুলনার সার্কিট হাউস মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খুলনা মহানগর ও জেলা জামায়াত এই জনসভার আয়োজন করে।
জামায়াতের আমির বলেন, ‘অতীতে জনগণের রায়কে যারা সম্মান করেনি, তাদের পরিণতি থেকে সবার শিক্ষা নেওয়া উচিত। জনগণের গায়ে হাত দিতে পারবেন, পিঠে চাবুক মারতে পারবেন, কিন্তু জনগণের হৃদয় ও কলিজা জয় করতে পারবেন না।’
আমরা কারও পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাধাতে চাই না উল্লেখ করে শফিকুর রহমান বলেন, কেউ ঝগড়া বাধাতে এলে তাদের ছেড়ে দেওয়া হবে না। বিভিন্ন স্থানে জামায়াতের নারীকর্মীর ওপর হামলায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। এ সময় বলেন, ‘আমাদের কথা স্পষ্ট– জীবন দেব, মায়ের ইজ্জত দেব না। কেউ আর এই অপকর্ম করবেন না। কেউ সেই কালো হাত আর যদি সামনে বাড়ানোর চেষ্টা করেন, আমরা গালে হাত দিয়ে বসতে পারব না। সমান ওজনের হিসাব-নিকাশ ফিরিয়ে দেওয়া হবে।’
জামায়াত আমির বলেন, ‘আমাদের একটি বন্ধু সংগঠন ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা দিচ্ছে। তারা এটাও বলেছেন, এটা মায়েদের হাতে দেবেন। তারা একদিকে দিচ্ছেন ফ্যামিলি কার্ড, আরেক দিকে দিচ্ছেন আমার মায়ের গায়ে হাত (হামলা, মারধর)। এই দুইটা একসঙ্গে চলে না।’
জামায়াতের মন্ত্রী-এমপিরা জনগণের সম্পদের দিকে চোখ তুলে তাকাবে না উল্লেখ করে জামায়াত আমির বলেন, ‘নির্বাচিত হলে জনগণের প্রতিটি সম্পদ ও বাজেটের সম্পদের অধিকার নিশ্চিত করা হবে। আমরা নিজেদের জন্য বেগমপাড়া, সিঙ্গাপুর বানাব না।’ পরে খুলনার ৬টি আসনের প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন জামায়াতের আমির।
খুলনা মহানগর জামায়াতের আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, জাতীয় গণতান্ত্রিক পার্টির নেতা রাশেদ প্রধান প্রমুখ।
যারা দল সামলাতে পারে না, দেশ তাদের কাছে নিরাপদ নয়
সকালে যশোরের সমাবেশে ডা. শফিকুর রহমান বিএনপির উদ্দেশে বলেন, যারা নিজের দলকে সামলে রাখতে পারে না, কর্মীদের জীবনের নিরাপত্তা দিতে পারে না; সেই দল যতই বড় হোক তাদের কাছে বাংলাদেশ নিরাপদ নয়। আপনারা দেশ গড়ার আগে নিজের দলকে গড়েন ভালো করে। গতকাল সকালে যশোর ঈদগাহ ময়দানে এই নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। জামায়াতের আমির বলেন, একদিকে ফ্যামিলি কার্ড, অন্যদিকে মহিলাদের গায়ে হাত– দুটো একসঙ্গে চলতে পারে না।
বিএনপির উদ্দেশে তিনি বলেন, গণভোট নিয়ে ভেতরে ভেতরে একটি দল নাখোশ। কারণ এই গণভোট হলে ফ্যাসিবাদ কায়েম হতে পারবে না। কারও সম্পদের ওপর হাত দেওয়া যাবে না। দলীয়
চাঁদাবাজির রমরমা ব্যবসা চলবে না। সেজন্য কেউ কেউ গণভোটে সন্তুষ্ট না। ১৮ কোটি মানুষ গণভোটের পক্ষে বলেও উল্লেখ করেন তিনি।
যশোর জেলা জামায়াতের আমির গোলাম রসুলের সভাপতিত্বে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা।
জনগণের সম্পদ লুটকারীদের সঙ্গে আপস নেই
দুপুরে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় বক্তব্য দেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, কিছু রাজনৈতিক দুর্বৃত্ত দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে। ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে তারা। যার ডকুমেন্ট আছে। যেসব ডকুমেন্ট নেই, তার কোনো হিসাব নেই। আল্লাহ আমাদের সুযোগ দিলে জনগণের লুণ্ঠিত সম্পদ ফিরিয়ে আনা হবে। জনগণের সম্পদ লুটকারীদের সঙ্গে কোনো আপস নেই।
শফিকুর রহমান বলেন, ‘আমরা ক্ষমতায় গেলে কোনোকিছুই চাপিয়ে দেওয়া হবে না। কোনো শিক্ষিত চোরের হাত আপনাদের খেয়ে ফেলতে পারবে না। ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা জেলার চারটি আসন থেকেই জামায়াতের প্রার্থীরা বিজয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। জামায়াত ক্ষমতায় এলে সাম্য, মানবিকতা ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ে তোলার আশ্বাস দেন তিনি।
সাতক্ষীরা জেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে বক্তব্য দেন সাতক্ষীরা-১ আসনের প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জতউল্লাহ, সাতক্ষীরা-২ আসনের প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা-৩ আসনের প্রার্থী রবিউল বাশার এবং সাতক্ষীরা-৪ আসনের প্রার্থী গাজী নজরুল ইসলাম প্রমুখ।
রাজার ছেলে রাজা হবে–এই সংস্কৃতি পাল্টে দিতে চাই
গতকাল বাগেরহাট খানজাহান আলীর (রহ.) মাজার মোড়সংলগ্ন মাঠে সমাবেশে বক্তব্য দেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, শুধু রাজার ছেলে রাজা হবে–রাজনীতির এই সংস্কৃতি আমরা পাল্টে দিতে চাই। যার যোগ্যতা আছে, সেই দেশ পরিচালনা করবে। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘কেউ যদি চিলের মতো ভোট ছোঁ মেরে নিতে চায়, তাদের ডানাসহ তুলে ফেলবেন।
বাগেরহাট জেলা শাখার আমির রেজাউল করিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি মো. রিয়াজুল ইসলাম, বাগেরহাট-১ আসনের প্রার্থী মশিউর রহমান খান, বাগেরহাট-২ আসনের প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাদ, বাগেরহাট-৩ আসনের প্রার্থী আব্দুল ওয়াদুদ, বাগেরহাট-৪ আসনের প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম প্রমুখ।
জামায়াত ক্ষমতায় গেলে পররাষ্ট্রনীতি কেমন হবে তা ব্যাখ্যা দেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বিশ্বের প্রতিটি দেশকে আমরা বন্ধু হিসেবে পেতে চাই।