খুলনা প্রতিনিধি
ছবি: ধ্রুব নিউজ
দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মহানগর শাখা। বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬টায় নগরীর ডাকবাংলা সোনালী ব্যাংক চত্বর থেকে মিছিলটি শুরু হয়। পরে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিববাড়ি মোড়ের বাবরী চত্বরে গিয়ে শেষ হয়।
এর আগে মিছিলপূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও খুলনা মহানগর শাখার সভাপতি রাকিব হাসান। এতে প্রধান অতিথি ছিলেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি আজিজুল ইসলাম ফারাজী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক মহানগর সভাপতি ও দৌলতপুর থানা জামায়াতের আমীর মুশাররফ আনসারী, সাবেক মহানগর সভাপতি ও সোনাডাঙ্গা থানা জামায়াতের সেক্রেটারি জাহিদুর রহমান নাঈম এবং শিবিরের সাবেক কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক আরাফাত হোসেন মিলন।
সমাবেশে বক্তারা বলেন, স্বৈরাচার শেখ হাসিনা ১৭ বছর ধরে এ দেশের মানুষের অধিকার হরণ করে রাজত্ব কায়েম করতে চেয়েছিলেন। কিন্তু সাধারণ মানুষের সম্মিলিত প্রতিবাদের মুখে তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। বর্তমানে একটি চক্র নয়াদিল্লিতে বসে দেশে নৈরাজ্য ও বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। অথচ বর্তমান সরকার জনগণের অধিকার বাস্তবায়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। বাংলাদেশের মাটিতে আর কোনো স্বৈরাচার কিংবা আধিপত্যবাদের স্থান হবে না। এ দেশের মানুষ এখন নিজেদের অধিকার সম্পর্কে সচেতন। তাই সরকারকে সংবিধান অনুযায়ী জনগণের অধিকার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে অপকর্মে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্ট প্রশাসনকে কার্যকর ভূমিকা রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সম্ভাব্য নৈরাজ্য প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
মহানগর সেক্রেটারি ইসরাফিল হোসেনের সঞ্চালনায় সমাবেশ ও মিছিলে মহানগর শাখার নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন দপ্তর সম্পাদক আহমেদ সালেহীন, বায়তুলমাল সম্পাদক কামরুল হাসান, প্রচার ও এইচআরডি সম্পাদক এস এম বেলাল হোসেন, সাহিত্য সম্পাদক আব্দুর রশিদ, প্রকাশনা ও বিজ্ঞান সম্পাদক ফারহান তূর্য, প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট সম্পাদক ইমরানুল হক, তথ্য সম্পাদক সেলিম বিন আব্দুস সালাম, স্কুল ও বিতর্ক সম্পাদক আদনান মল্লিক যুবরাজ, কলেজ ও ছাত্র অধিকার সম্পাদক হযরত আলী, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক হাফেজ মহিব্বুল্লাহ, ফাউন্ডেশন সম্পাদক হাবিবুল্লাহ রাজু, মাদরাসা কার্যক্রম সম্পাদক হাফেজ নাঈম হোসাইন, গবেষণা সম্পাদক হামজা, মিডিয়া ও আইটি সম্পাদক মোস্তফা কামাল, পাঠাগার ও সমাজসেবা সম্পাদক শিবলুর রহমান এবং ক্রীড়া সম্পাদক এহসানুল মাহবুব সাকিব। মিছিলে ছাত্রশিবিরের মহানগর, ক্যাম্পাস ও থানা পর্যায়ের নেতাকর্মীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।
এ সময় অংশগ্রহণকারীদের ‘ইসলামী ছাত্রশিবির জিন্দাবাদ’, ‘একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর’, ‘খুনী লীগের বিচার চাই’ এবং ‘গণহত্যাকারীর শাস্তি কার্যকর করো’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।