Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ৯ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

মুক্তিযুদ্ধ, জাতীয়তাবাদ ও ‘জয় বাংলা’  ইস্যুতে সিপিবিতে ভাঙনের শঙ্কা

বিশেষ প্রতিনিধি বিশেষ প্রতিনিধি
প্রকাশ : সোমবার, ৯ নভেম্বর,২০২৬, ০১:৪১ পিএম
মুক্তিযুদ্ধ, জাতীয়তাবাদ ও ‘জয় বাংলা’  ইস্যুতে সিপিবিতে ভাঙনের শঙ্কা

সিপিবি লোগো ছবি: সংগৃহীত

মতাদর্শিক দ্বন্দ্বে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) অভ্যন্তরীণ বিরোধ চরম আকার ধারণ করেছে। মুক্তিযুদ্ধ, জাতীয়তাবাদ ও ‘জয় বাংলা’ স্লোগান ইস্যুতে সৃষ্ট এ বিরোধের জেরে সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ ১০ জন নেতাকে শোকজ করেছে দলের শীর্ষ নেতৃত্ব। উদ্ভূত পরিস্থিতিতে দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী এই বামপন্থি দলটিতে বড় ধরনের ভাঙনের শঙ্কা করছেন সাধারণ নেতাকর্মী ও সমর্থকরা।

নেপথ্যে মুক্তিযুদ্ধ ও ‘জয় বাংলা’ ইস্যু
দলের অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানে সিপিবির ভূমিকা এবং পরবর্তী সময়ে কার্যক্রম নিষিদ্ধ ও পতিত আওয়ামী লীগের ‘পক্ষে-বিপক্ষে’ অবস্থান নিয়ে দুটি বলয় তৈরি হয়। গত ২৬ অক্টোবর রাজপথে কর্মীদের ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে কার্যালয়ে হামলা ও অবরুদ্ধ করার ঘটনা ঘটে।

এরপর দলটির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন দাবি করেন, ১৯৭১ সালে সিপিবি ‘জয় বাংলা’ ব্যবহার করলেও ১৯৭২ সালের পর দলীয় কর্মসূচিতে তা ব্যবহৃত হয়নি। একই সঙ্গে বাহাত্তরের সংবিধান সম্পর্কিত তাঁর একটি বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনা শুরু হয়। তবে শীর্ষ নেতৃত্বের পাল্টা দাবি— যারা এসব ইস্যুতে সোচ্চার হচ্ছেন, তারা প্রকারান্তরে চব্বিশের গণঅভ্যুত্থানে পতিত আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রচেষ্টায় নেমেছেন।

বিশেষ কংগ্রেসের দাবি ও ১০ নেতাকে শোকজ
গত ১ নভেম্বর পুরানা পল্টনে সিপিবির কেন্দ্রীয় কমিটির সভায় মতাদর্শিক দ্বন্দ্ব নিরসনে ‘বিশেষ কংগ্রেস’ (জাতীয় সম্মেলন) আহ্বানের দাবি তোলেন ১০ জন প্রভাবশালী নেতা। তারা শ্রেণি সংগ্রামের পাশাপাশি মুক্তিযুদ্ধ ও বাহাত্তরের সংবিধানের পক্ষে দলীয় অবস্থানের ঐতিহাসিক ধারাবাহিকতা রক্ষার ওপর জোর দেন।

শীর্ষ নেতৃত্ব এ দাবি এজেন্ডাভুক্ত করতে অস্বীকৃতি জানালে তারা সভা থেকে ‘ওয়াকআউট’ করেন। পরবর্তীতে যাদের কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে, তারা হলেন: সিপিবির সাবেক সভাপতি মোহাম্মদ শাহ আলম, সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সাবেক সহ-সাধারণ সম্পাদক মিহির ঘোষ, কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. ফজলুর রহমান, পরেশ কর, মোতালেব মোল্লা, ডা. সাজেদুল হক রুবেল, লুনা নূর, আনোয়ার হোসেন রেজা এবং লাকী আক্তার।

শোকজ প্রাপ্ত নেতারা এই পদক্ষেপকে গঠনতন্ত্রবিরোধী হিসেবে উল্লেখ করলেও ইতোমধ্যেই আনুষ্ঠানিকভাবে এর লিখিত জবাব দিয়েছেন। অন্যদিকে, অর্থনীতিবিদ ও দলটির কেন্দ্রীয় সদস্য অধ্যাপক এম এম আকাশ শীর্ষ নেতৃত্বের সমালোচনায় সরব থাকলেও সভায় উপস্থিত না থাকায় তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

‘পাঠাগার আন্দোলন’ ও সহযোগী সংগঠনের বিভাজন
সংকট ঘনীভূত হওয়ার মধ্যেই গত শুক্রবার বিক্ষুব্ধ অংশের উদ্যোগে ‘বাংলাদেশ পাঠাগার আন্দোলন’ নামের একটি নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। প্রতিষ্ঠাতারা এটিকে অরাজনৈতিক ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের প্ল্যাটফর্ম হিসেবে দাবি করলেও শীর্ষ নেতৃত্ব বলছে, এটি সিপিবির আদর্শের সঙ্গে সাংঘর্ষিক এবং দলে একটি ‘সংশোধনবাদী’ অবস্থান তৈরি চেষ্টা।

ইতিপূর্বে প্রভাবশালীদের মদদে সিপিবির অন্যতম সহযোগী ও গণসংগঠনগুলো বিভাজনের মুখোমুখি হয়েছে:

 উদীচী শিল্পীগোষ্ঠী: জাতীয় সম্মেলনে হামলা-পাল্টা হামলার জের ধরে উদীচী দুই ভাগে বিভক্ত হয়ে আলাদা কেন্দ্রীয় কমিটি গঠন করে।

ছাত্র ইউনিয়ন: ছাত্র সংগঠনটি ইতোমধ্যেই কয়েক টুকরো হয়ে আলাদা ব্যানারে কার্যক্রম পরিচালনা করছে।

এনপিএ: দলটির সাবেক নেতাদের একটি বড় অংশ ‘ন্যাশনাল পিপলস অ্যাকশন’ নামে নতুন সংগঠন গড়েন।

শীর্ষ নেতৃত্বের বক্তব্য
সামগ্রিক বিষয়ে সিপিবির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। অন্যদিকে, সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স শোকজের বিষয়ে মন্তব্য না করে বলেন, "এ নিয়ে দলের সভাপতি ও সাধারণ সম্পাদককে জিজ্ঞাসা করা উচিত— কেন ও কোন বিধানবলে তারা এই শোকজ করলেন।"

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মতাদর্শগত অবস্থান স্পষ্ট করা এবং গঠনতান্ত্রিক চর্চা বজায় রাখতে না পারলে উদীচী ও ছাত্র ইউনিয়নের মতো সিপিবি মূল দলটিতেও আনুষ্ঠানিক বিভক্তি এখন সময়ের ব্যাপার মাত্র।

তথ্য সূত্র : দৈনিক সমকাল

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)