কোটচাঁদপুর প্রতিনিধি
ছবি: ধ্রুব নিউজ
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঝিনাইদহের কোটচাঁদপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৪টায় কোটচাঁদপুরের আল-ফালাহ ইসলামী সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা জামায়াতের আমীর মাস্টার আজিজুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মাস্টার শাহাবুদ্দিন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনের সংসদ সদস্য মো. মতিয়ার রহমান।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মতিয়ার রহমান বলেন, “ঐতিহাসিক ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ দিনের ঘটনাপ্রবাহ থেকে জাতীয় ঐক্য, দেশপ্রেম ও জনগণের অধিকার প্রতিষ্ঠার শিক্ষা নিতে হবে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখা এবং মানুষের প্রত্যাশার বাংলাদেশ গড়তে দল-মত নির্বিশেষে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
তিনি আরও বলেন, “দেশের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি নিশ্চিত করতে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা এবং ঐক্যের বিকল্প নেই। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মুয়াবিয়া হোসাইন, যুব ও মিডিয়া বিভাগের সম্পাদক শরিফুল ইসলাম, পৌর জামায়াতের আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুম, সাবেক শিবির নেতা আহসান হাবীব, কুশনা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আতিকুর রহমানসহ স্থানীয় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য ও জাতীয় জীবনে এর গুরুত্ব তুলে ধরেন। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং জাতীয় ঐক্য সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।