Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

দায়িত্বের প্রতি চরম বিশ্বাসঘাতকতা করেছেন জিয়াউল আহসান : অ্যাটর্নি জেনারেল

বাসস বাসস
প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর,২০২৬, ০৩:২৪ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর,২০২৬, ০৯:০৮ পিএম
দায়িত্বের প্রতি চরম বিশ্বাসঘাতকতা করেছেন জিয়াউল আহসান : অ্যাটর্নি জেনারেল

ছবি: সংগৃহীত

জিয়াউলের অপরাধ সমুদ্রসমান, সেই তুলনায় মৃত্যুদণ্ড শিশির কণা: অ্যাটর্নি জেনারেল
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান একজন নৃশংস খুনি, মানবতাবিরোধী অপরাধী, আন্তর্জাতিক আইনে স্বীকৃত ঘৃণ্য বিশ্বাসঘাতক, জঘন্য সিরিয়াল কিলার এবং বিশ্ব মানবতার কলঙ্ক। তাঁর অপরাধ সমুদ্রসমান, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলেও তা হবে কেবল একটি শিশির কণা।

আজ বৃহস্পতিবার জিয়াউল আহসানের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপনের সময় এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘তবে আমাদের মেনে নিতে হবে যে, সভ্যতার সীমাবদ্ধতা রয়েছে, বিচারব্যবস্থারও সীমাবদ্ধতা রয়েছে। একজন ব্যক্তি শত সহস্রাধিক মানুষকে হত্যা করলেও তাঁকে একবারের বেশি চরম সাজা (ফাঁসি) দেওয়া যায় না। তাই সব সীমাবদ্ধতা স্বীকার করে আইন যে সর্বোচ্চ শাস্তির বিধান রেখেছে, প্রসিকিউশনের পক্ষ থেকে তা প্রয়োগের দাবি জানাই।’

আওয়ামী লীগ সরকারের সময় শতাধিক ব্যক্তিকে গুম করে হত্যার ঘটনায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ বৃহস্পতিবার তৃতীয় দ্বিতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করা হয়েছে।

অ্যাটর্নি জেনারেল ছাড়াও চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম যুক্তিতর্ক উপস্থাপন করেন। পরে রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হলে আসামি পক্ষে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী রোববার দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

এ দিন যুক্তিতর্ক উপস্থাপনের পুরো কার্যক্রম বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান কারাগার থেকে ভার্চুয়ালি অংশ নেন।

শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধসহ আন্তর্জাতিক আইনে স্বীকৃত গুরুতর অপরাধের অভিযোগ আনা হয়েছে। এসব অপরাধের শিকার শুধু কয়েকজন ব্যক্তি নন। এসব অপরাধ আঘাত করেছে মানুষের জীবন, মর্যাদা, স্বাধীনতা এবং সমগ্র মানবসমাজের বিবেককে। তাই এই বিচার কেবল কিছু ভুক্তভোগীর জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠার বিষয় নয়। এটি সমগ্র মানবতার প্রতি সংঘটিত অপরাধের জবাবদিহি নিশ্চিত করার বিচার।

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, অভিযুক্ত আসামি একজন চাকরিচ্যুত সেনাসদস্য। যে বাহিনীর দায়িত্ব ছিল মানুষকে রক্ষা করা। সেই বাহিনীর কিছু সদস্য যখন নিজের দেশের মানুষের ওপরই অস্ত্র তাক করেন, তখন তা শুধু দায়িত্বে অবহেলা বা ক্ষমতার অপব্যবহার থাকে না। মানুষকে তুলে নিয়ে যাওয়া, গোপন জায়গায় আটকে রাখা, নির্যাতন করা, গুলি করে হত্যা করা, মরদেহ গুম করা এবং পরে সবকিছু অস্বীকার করা—এসব যখন বিচ্ছিন্ন ঘটনা না হয়ে বেসামরিক জনগণের বিরুদ্ধে ব্যাপক বা পদ্ধতিগত আক্রমণের অংশ হয়ে ওঠে, তখন তা মানবতাবিরোধী অপরাধে রূপ নেয়।

রুহুল কুদ্দুস কাজল বলেন, অনেকে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারের শিকার হয়েছেন। একজন মানুষকে ধরে নিয়ে হত্যা করা হলে শুধু একজন মানুষ মারা যান না। তার সঙ্গে একটি পরিবারের স্বাভাবিক জীবনযাপনও ভেঙে পড়ে। রাষ্ট্রের অস্ত্র জনগণের নিরাপত্তার জন্য, জনগণের জীবন কেড়ে নেওয়ার জন্য নয়। কোনো পদ, দায়িত্ব, ইউনিফর্ম কিংবা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পরিচয় কাউকে এসব অপরাধ থেকে দায়মুক্তি দিতে পারে না।

জিয়াউল আহসান সম্পর্কে ব্যারিস্টার কাজল বলেন, অপরাধের সংখ্যা, নিষ্ঠুরতা এবং মানুষের জীবনে এর ভয়াবহ প্রভাব বিবেচনায় তার অপরাধের জন্য কোনো শাস্তিই যথেষ্ট নয়। একবার মৃত্যুদণ্ডের সাজা—এত মানুষের রক্তপাত, প্রাণহানি, পরিবার ও স্বজনদের দুর্ভোগের তুলনায় অতি সামান্য। তবে অপরাধের বিচার হতে হবে। বিচার না হলে অপরাধের শিকার মানুষ ও তাদের পরিবার ন্যায়বিচার থেকে বঞ্চিত হবেন। রাষ্ট্রব্যবস্থার ওপর জনগণের আস্থা থাকবে না। এরকম নৃশংস অপরাধীর দৃষ্টান্তমূলক সাজা না হলে সভ্যতা টিকে থাকবে না।

দার্শনিকের উদ্ধৃতি টেনে অ্যাটর্নি জেনারেল বলেন, দার্শনিক হেগেল বলেছেন, শাস্তি পাওয়া অপরাধীর অধিকার। লিগ্যাল ফিলসফার হারবার্ট মরিস বলেছেন, শাস্তি পাওয়া অপরাধীর মৌলিক অধিকার। অন্যথায়, ধরে নেওয়া হতে পারে সমাজ বা রাষ্ট্র অপরাধীকে বোধ-বুদ্ধিসম্পন্ন মানুষ হিসেবে বিবেচনা করছে না। বিচার না হলে অপরাধের শিকার মানুষ ও তাদের পরিবার ন্যায়বিচার থেকে বঞ্চিত হবেন।
বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ অ্যাটর্নি জেনারেল বলেন, অভিযুক্ত অপরাধী জিয়াউল আহসান যে অপরাধ করেছেন, তা কেবল আমাদের বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধেই অপরাধ নয়, তা আন্তর্জাতিক আইনেও অপরাধ ও সামগ্রিকভাবে মানবতার বিরুদ্ধে অপরাধ। 

তিনি আরও বলেন, সর্বাধিক মানুষ তার অপরাধের ভিকটিম। তার বিরুদ্ধে আন্তর্জাতিক আইনে স্বীকৃত মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। তার অপরাধের শিকার শুধু ব্যক্তি নন, তার অপরাধ আঘাত করেছে মানুষের জীবন, মর্যাদা ও সমগ্র মানবসমাজের বিবেককে। তাই তার এই বিচার কেবলমাত্র কিছু ভুক্তভোগীর জন্যই ন্যায়বিচারের বিষয় নয়, এটি সমগ্র মানবতার প্রতি সংঘটিত অপরাধের জবাবদিহিতা নিশ্চিত করার বিচার।

অ্যাটর্নি জেনারেল বলেন, অভিযুক্ত আসামি একজন চাকুরিচ্যুত সেনাসদস্য। যে বাহিনীর দায়িত্ব ছিল মানুষকে রক্ষা করা, সেই বাহিনীর কিছু সদস্য যখন নিজের দেশের মানুষের ওপরই অস্ত্র তাক করেন, তখন তা শুধু দায়িত্বে অবহেলা বা ক্ষমতার অপব্যবহার থাকে না। মানুষকে তুলে নিয়ে যাওয়া, গোপন জায়গায় আটকে রাখা, নির্যাতন করা, গুলি করে হত্যা করা, লাশ গুম করা ও পরে সবকিছু অস্বীকার করা—এসব যখন বিচ্ছিন্ন ঘটনা না হয়ে বেসামরিক জনগণের বিরুদ্ধে ব্যাপক বা পদ্ধতিগত আক্রমণের অংশ হয়ে ওঠে, তখন তা মানবতাবিরোধী অপরাধের রূপ নেয়।

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, এই মামলার সবচেয়ে বেদনাদায়ক দিক হলো যাদের জীবন ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব ছিল রাষ্ট্রের, তাদেরই অনেকে সেই রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করেছেন। একজন মানুষকে ধরে নিয়ে হত্যা করা হলে শুধু একজন মানুষ মারা যান না, তার সঙ্গে একটি পরিবারের স্বাভাবিক জীবনযাপনও ভেঙে পড়ে। একজন মা দিনের পর দিন সন্তানের ফেরার অপেক্ষায় থাকেন। একটি শিশু বাবার মুখ দেখার আশায় পথ চেয়ে থাকে, একজন সন্তান জানে না সে এতিম কিনা। একজন স্ত্রী জানেন না তিনি সধবা নাকি বিধবা, তার স্বামী কি বেঁচে আছেন, নাকি আর কোনো দিন ফিরবেন না। বছরের পর বছর তাদের কাছে কোনো উত্তর থাকে না। তাদের কোনো খবর থাকে না।

শেষবারের মতো বিদায় জানানোর সুযোগটুকুও থাকে না। তাদের জানাজা, দাফন বা শেষকৃত্য হয় না। আইনের চোখে একজন মৃতব্যক্তিরও কিছু অধিকার আছে, যা সমাজের অন্যান্যরা পালন করতে বাধ্য।

মানবতাবিরোধী অপরাধের ভিকটিমরা জানাজা-দাফনের মতো ন্যূনতম মানবিক মর্যাদা থেকেও বঞ্চিত হয়েছেন। তাদের পরিবার পরিজনের অপেক্ষা, অনিশ্চয়তা ও অসহায়ত্ব কোনো আদালতের নথিতে, মামলার রেকর্ডে পুরোপুরি তুলে ধরা সম্ভব নয়।

আন্তর্জাতিক আইন মানবতাবিরোধী অপরাধকে বিশেষ গুরুত্ব দিয়েছে উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, যখন কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, নিরাপত্তা বাহিনী বা ক্ষমতাশালী গোষ্ঠী পরিকল্পিতভাবে সাধারণ মানুষের বিরুদ্ধে অপরাধ চালায়, তখন তার প্রভাব শুধু তাৎক্ষণিক ভুক্তভোগীদের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, তখন পুরো সমাজেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মানুষ নিজের নিরাপত্তা নিয়ে আতঙ্কিত হয়ে পড়ে। পরিবারগুলো ন্যায়বিচারের আশা হারায়। আইনের শাসন ও রাষ্ট্রের প্রতি মানুষের আস্থা ভেঙে যায়। সবচেয়ে বড় কথা, মানুষকে মানুষ হিসেবে দেখার যে ন্যূনতম মূল্যবোধ, সেটিই পদদলিত হয়। এই মামলায় তাই প্রশ্ন শুধু এই নয় যে অভিযুক্ত কোনো আইন ভঙ্গ করেছেন কি না। প্রশ্ন হলো, বেসামরিক মানুষের বিরুদ্ধে সংঘটিত হত্যা, অপহরণ, গোপন আটক, নির্যাতন ও গুম কি একটি বৃহত্তর আক্রমণের অংশ ছিল? এসব অপরাধে অভিযুক্তের ভূমিকা কী ছিল? তিনি কি এসব অপরাধে সরাসরি অংশ নিয়েছেন, নির্দেশ দিয়েছেন, সহায়তা করেছেন, অথবা অধস্তনদের অপরাধ সম্পর্কে জেনেও তা বন্ধ করতে বা দায়ীদের শান্তি দিতে ব্যর্থ হয়েছেন? প্রসিকিউশনের উপস্থাপিত সাক্ষ্যপ্রমাণ ও নথিপত্রের আলোকে ট্রাইব্যুনালকে এসব প্রশ্নের উত্তর নির্ধারণ করতে হবে।

রাষ্ট্রের অস্ত্র জনগণের নিরাপত্তার জন্য, জনগণের জীবন কেড়ে নেওয়ার জন্য নয় উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, রাষ্ট্রীয় ক্ষমতা মানুষের অধিকার রক্ষার জন্য, মানুষকে গুম করার জন্য নয়। কোনো পদ, দায়িত্ব, ইউনিফর্ম কিংবা রাষ্ট্রীয় দায়িত্ব প্রতিষ্ঠানের পরিচয় কাউকে এসব অপরাধ থেকে দায়মুক্তি দিতে পারে না। এ কারণেই আন্তর্জাতিক আইন মানবতাবিরোধী অপরাধকে বিশেষ গুরুত্ব দিয়েছে। কারণ, যখন কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, নিরাপত্তা বাহিনী বা ক্ষমতাশালী গোষ্ঠী পরিকল্পিতভাবে সাধারণ মানুষের বিরুদ্ধে এমন অপরাধ চালায়, তখন তার প্রভাব শুধু তাৎক্ষণিক ভুক্তভোগীদের মধ্যে সীমাবদ্ধ থাকে না। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো সমাজে। মানুষ নিজের নিরাপত্তা নিয়ে আতঙ্কিত হয়ে পড়ে। পরিবারগুলো ন্যায়বিচারের আশা হারায়। আইনের শাসন ও রাষ্ট্রের প্রতি মানুষের আস্থা ভেঙে যায়। সবচেয়ে বড় কথা, মানুষকে মানুষ হিসেবে দেখার যে ন্যূনতম মূল্যবোধ, সেটিই পদদলিত হয়। 

অ্যাটর্নি জেনারেল বলেন, আমাদের এই বিচার নিহতদের জীবন ফিরিয়ে দিতে পারবে না। নিখোঁজ মানুষের পরিবারগুলোর হারানো বছরগুলো ফিরিয়ে দিতে পারবে না। যে মা তার সন্তানকে হারিয়েছেন, যে শিশু বাবাকে হারিয়েছে, যে স্ত্রী আজও স্বামীর অপেক্ষায় আছেন— তাদের কষ্টের প্রতিকার কোনো রায় দিতে পারবে না। তবু বিচার প্রয়োজন। কারণ, সত্যকে চিরদিন চাপা রাখা যায় না। মানুষের জীবনকে এভাবে মূল্যহীন করে দেওয়া যায় না। ক্ষমতার অপব্যবহার করে সংঘটিত অপরাধের দায় থেকে কেউ মুক্ত থাকতে পারে না। এই মামলার বিচার তাই শুধু বাংলাদেশের বিচার নয়; এটি আন্তর্জাতিক আইনের অধীনে সংঘটিত অপরাধের বিচার। এটি শুধু নিহত ও নিখোঁজ ব্যক্তিদের পরিবারের ন্যায়বিচারের দাবিই নয়, এটি সমগ্র মানবতার পক্ষে জবাবদিহিতারও দাবি।

জিয়াউল আহসান তার দায়িত্বের প্রতি বিশ্বাসঘাতকতা করেছেন উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, সেনাবাহিনীর একজন সদস্যের প্রধান দায়িত্ব দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করা এবং দেশের মানুষকে নিরাপদ রাখা। সেনাসদস্যদের বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা আসে জনগণের করের টাকা থেকে। যে জনগণের অর্থে রাষ্ট্রীয় বাহিনী পরিচালিত হয়, সেই জনগণের জীবন রক্ষা করাই তাদের দায়িত্ব। কিন্তু সেই দায়িত্বের প্রতি চরম বিশ্বাসঘাতকতা করেছেন জিয়াউল আহসান। রাষ্ট্রের দেওয়া ক্ষমতা, অস্ত্র ও বাহিনীর সদস্যদের ব্যবহার করেছেন নিজের দেশের মানুষের বিরুদ্ধেই। যাদেরকে নিরাপত্তা দেওয়ার কথা ছিল, তাদেরই তুলে নেওয়া, নির্যাতন, হত্যা ও গুমের ঘটনায় তিনি জড়িত ছিলেন। মানুষের জীবন ও মৃত্যুকে তিনি এমনভাবে নিয়ন্ত্রণ করেছেন, যেন এসব তার কাছে ছিলো কোনো খেলার বিষয়। নিরীহ মানুষের জীবন নিয়ে তার এই নিষ্ঠুর আচরণ ছিল ভয়াবহ ও পরিকল্পিত। একজন দায়িত্বশীল রাষ্ট্রীয় কর্মকর্তার কাছ থেকে এমন আচরণ শুধু দায়িত্বের লঙ্ঘন নয়, এটি মানুষের প্রতি ও রাষ্ট্রের প্রতি এক নির্মম বিশ্বাসঘাতকতা।

অ্যাটর্নি জেনারেলের বক্তব্য উপস্থাপনের সময় চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামসহ অপর প্রসিকিউটর ও আসামি পক্ষের আইনজীবীরা উপস্থিত ছিলেন। 

 

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)