[স্কুলছাত্রী ৮ বছরের শিশু রামিসা আক্তারকে
ধর্ষণের পর গলা কেটে হত্যায় দুঃখভারাক্রান্ত হয়ে]
কার আঁচল কেটে মেয়েটিকে এনেছে?
ইস, খুব কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে!
দ্বিখণ্ডিত মাথা;
কোন দিক থেকে পালিয়ে গেল সভ্যতা?
মেয়েটি বুঝে উঠবার আগেই—
ওর স্তনদেশে বর্বর নখের থাবায়
'বা' বর্ণটি আলাদা হয়ে গেল।
তলপেটের তলদেশে হিংস্রতায়
'ং' বর্ণটি আলাদা হয়ে গেল।
সত্যে 'লা-জবাব' 'লা-জবাব' করতে করতে
'লা' বর্ণটি আলাদা হয়ে গেল।
আর কি বলব দুঃখ ভরা জীবনে
'দে' বর্ণটি রয়ে গেল
অমানিশার চিৎকার নিয়ে আসা শনি থেকেও
'শ' বর্ণটি আলাদা হয়ে গেল।
অবশেষে, অহংকারী ও প্রিয় বাংলাদেশে—
আমরা অনিরাপদ!