ধ্রুব ডেস্ক
সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া। ছবি: সংগৃহীত
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) বিলুপ্ত করে নতুন নামে সংস্থা করার দাবি জানিয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া।
আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দ্বিতীয় দিনের সাক্ষীর জবানবন্দিতে তিনি এ দাবি করেন।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে শতাধিক গুম ও খুনের অভিযোগে মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিচ্ছেন ইকবাল করিম ভূঁইয়া।
রোববার (৮ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেলে তার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। প্যানেলের অপর সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ।
গত ১৪ জানুয়ারি ট্রাইব্যুনাল জিয়াউল আহসানের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন এবং রোববার সাক্ষ্যগ্রহণের জন্য নির্ধারণ করেন।
এর আগে গত ১৭ ডিসেম্বর প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আদালতে উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি জানান, গুম কমিশনের প্রতিবেদনসহ মামলার অভিযোগ প্রমাণে প্রয়োজনীয় সব উপাদান আদালতে উপস্থাপন করা হবে। পরে ট্রাইব্যুনাল অভিযোগগুলো আমলে নিয়ে বিচার শুরুর নির্দেশ দেন।