চৌগাছা (যশোর) প্রতিনিধি
চৌগাছা ক্যাডেট মাদ্রাসা বিজয়ী শিক্ষার্থীরা। ছবি: ধ্রুব নিউজ
একই প্রতিযোগিতায় আরবি ও ইংরেজি—দুই বিভাগেই প্রথম স্থান অর্জন করে চমক দেখিয়েছে চৌগাছা ক্যাডেট মাদরাসার চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শের ওপর দুই ভাষায় তার সাবলীল বক্তব্য মুগ্ধ করেছে শিক্ষক, অভিভাবক ও অতিথিদের।
সম্প্রতি চৌগাছা ক্যাডেট মাদ্রাসার হলরুমে পবিত্র সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই প্রতিভার স্বীকৃতি দেওয়া হয়। অনুষ্ঠানে চতুর্থ শ্রেণির ওই শিক্ষার্থী আরবি ও ইংরেজি ভাষায় রাসুল (সা.)-এর জীবন ও আদর্শের ওপর শুদ্ধ উচ্চারণ, আত্মবিশ্বাস ও দক্ষতার সঙ্গে বক্তব্য তুলে ধরে বিচারকদের দৃষ্টি আকর্ষণ করে এবং উভয় বিভাগেই প্রথম হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌগাছা ক্যাডেট মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ইমরান হুসাইন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস. এম. বজলুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাদ্রাসার প্রধান উপদেষ্টা মাওলানা গোলাম মোরশেদ ও পরিচালক মাওলানা শামসুর রহমান।
আলোচনা সভায় বক্তারা বলেন, ছোট বয়সেই আরবি ও ইংরেজির মতো দুটি আন্তর্জাতিক ভাষায় মহানবী (সা.)-এর আদর্শ নিয়ে সাবলীল বক্তব্য দেওয়ার সক্ষমতা শিশুটির মেধা ও অধ্যবসায়েরই পরিচয় দেয়। শিক্ষার্থীদের মেধা বিকাশে নিয়মিত পাঠদানের পাশাপাশি এমন প্রতিযোগিতার আয়োজন প্রশংসনীয়।
মাদ্রাসার প্রধান উপদেষ্টা মাওলানা গোলাম মোরশেদ জানান, চৌগাছা ক্যাডেট মাদ্রাসায় আধুনিক ও নৈতিক শিক্ষার চমৎকার সমন্বয় ঘটানো হয়েছে। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ে ভালো ফল করানো নয়; বরং নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ, ভাষাগত দক্ষতা ও শৃঙ্খলার মাধ্যমে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই তাঁদের মূল লক্ষ্য।
অনুষ্ঠান শেষে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। একই সঙ্গে পরিবেশবান্ধব ক্যাম্পাস গঠনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চারা গাছ উপহার দেওয়া হয়। এতে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।