ধ্রুব ডেস্ক
এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর পুনর্নিরীক্ষণসহ মূল্যায়নের ফলাফল আজ বৃহস্পতিবার প্রকাশ করা হবে। সকাল ১০টার দিকে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হবে।
আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুনর্নিরীক্ষণসহ মূল্যায়নের ফলাফল তিন পদ্ধতিতে জানা যাবে। প্রথমত, নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হবে। দ্বিতীয়ত, আবেদনকারীর দেওয়া মুঠোফোন নম্বরে এসএমএস পাঠানো হবে। এ ছাড়া https://rescrutiny.eduboardresults.gov.bd থেকেও ফল সংগ্রহ করা যাবে।
এদিকে এ বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য ৪ লাখের বেশি পরীক্ষার্থী প্রায় ১৩ লাখ আবেদন করেছে। এর মধ্যে ১০ লাখ ৫৬ হাজারের বেশি আবেদন পড়েছে লিখিত (তত্ত্বীয়) পরীক্ষার উত্তরপত্রের জন্য। আর ব্যবহারিক পরীক্ষার খাতার জন্য আবেদন পড়েছে ২ লাখ ৩১ হাজারের বেশি।
এবার ফল পুনর্নিরীক্ষণের ক্ষেত্রে উত্তরপত্র পুনর্মূল্যায়ন বা পুনর্নিরীক্ষণ করা হবে। এত দিন বোর্ডের নিয়মে উত্তরপত্র পুনর্মূল্যায়নের সুযোগ ছিল না। আবেদন করা পরীক্ষার্থীদের উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করে মূলত প্রাপ্ত নম্বরের যোগ-বিয়োগে কোনো ভুল হয়েছে কি না, তা দেখা হতো।
এবার বিপুলসংখ্যক উত্তরপত্র পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণ করা হয়েছে। এতে বেশি সংখ্যক শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে বলে জানিয়েছে যশোর শিক্ষাবোর্ডের একটি সূত্র।