ধ্রুব ডেস্ক
ছবি: সংগৃহীত
নড়াইলের লোহাগড়া উপজেলায় এক ব্যক্তিকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগে তার স্ত্রী ও বেয়াইকে গ্রেপ্তার করেছে পুলিশ।
লোহাগড়া থানার পরিদর্শক অজিত কুমার রায় জানান, শনিবার কাশিপুর ইউনিয়নের ভাটগাতী গ্রাম থেকে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে দেয়। পরে তাদের বিরুদ্ধে হত্যা মামলা হলে রোববার ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তাররা হলেন- কাশিপুর ইউনিয়নের ভাটগাতী গ্রামের বাসিন্দা মফিজার মোল্যার স্ত্রী ফতেমা বেগম ও বেয়াই একই ইউনিয়নের ঈশানগাতী গ্রামের বাসিন্দা মশিয়ার রহমান।
পুলিশ ও স্থানীয়রা বলছে, প্রায় চার মাস আগে মফিজার মোল্যার মৃত্যু হয়। পরে পরিবারের পক্ষ তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ ওঠে।
স্থানীয়দের অভিযোগ, মফিজারের স্ত্রী ফতেমা বেগমের সঙ্গে বেয়াই মশিয়ার রহমানের ‘অনৈতিক সম্পর্ক’ ছিল। ওই সম্পর্কের জেরে মফিজারকে হত্যা করা হয়েছে।
ফাতেমা ও মশিয়ার বিয়ে করে সংসার করছেন বলেও স্থানীয়রা জানান।
পরিদর্শক অজিত কুমার বলেন, “শনিবার দুপুরে বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা ও উত্তেজনা সৃষ্টি হলে স্থানীয়রা ফতেমা ও মশিয়ারকে আটক করে মারধর করেন।
“খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে যায়।”
স্থানীয় গণমাধ্যমকর্মীদের কাছে দেওয়া বক্তব্যে ফতেমা ও মশিয়ার মফিজারকে বালিশচাপা দিয়ে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানা গেছে বলে এ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।
তাদের বরাতে পরিদর্শক অজিত কুমার বলেন, “২৬ এপ্রিল দিবাগত রাত ১২টার দিকে ৫০ বছর বয়সী মফিজারকে বালিশচাপা দিয়ে হত্যা করেন তারা। পরে তার মৃত্যু স্বাভাবিক বলে প্রচার করে মরদেহ দাফন করা হয়।”
এ ঘটনায় নিহত মফিজার মোল্যার মেয়ে মনিকা খানম বাদী হয়ে ফাতেমা বেগম ও মশিয়ার রহমানকে আসামি করে মামলা দায়ের করেছেন বলে জানান তিনি।