ধ্রুব নিউজ
ক্রেডিট কার্ড প্রতারণার মাধ্যমে সাড়ে ৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আটক দুই আসামির একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
দিনাজপুর থেকে সিআইডি পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া দুই আসামি হলো—দিনাজপুর সদরের উত্তর রামনগর গ্রামের মৃত ইউসুফ তশীলদারের ছেলে শাহিনুর রহমান শাহিন এবং বাহাদুরপুর বাজার এলাকার মৃত এতোবারি গুপ্তার ছেলে সঞ্জয় গুপ্তা।
মামলার বিবরণ সূত্রে জানা গেছে, ২০২২ সালের ডিসেম্বরে যশোর ইউনিক হসপিটালের চিকিৎসক ডা. সাফায়েত হোসেন শহরের মুজিব সড়কের ‘সেলার’ নামের একটি দোকান থেকে পণ্য কিনে ক্রেডিট কার্ডের মাধ্যমে বিল পরিশোধ করেন। পরবর্তীতে তিনি লক্ষ্য করেন পিন নম্বর হ্যাক করে প্রতারক চক্র তাঁর ব্যাংক হিসাব থেকে ৩ লাখ ৪১ হাজার টাকা সরিয়ে নিয়েছে। এ ঘটনায় আদালতে মামলা দায়ের করা হলে তা যশোর কোতোয়ালি থানায় নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত হয়।
পরবর্তীতে তদন্তের দায়িত্ব পেয়ে সিআইডি পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত জনি ইসলাম ও আবু সাঈদ শাওন নামে দুই সদস্যকে গ্রেপ্তার করে। তাঁদের আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে শাহিন ও সঞ্জয়ের নাম বেরিয়ে আসে। গ্রেপ্তার হওয়া শাহিন একটি মোবাইল নেটওয়ার্ক কোম্পানির সিম বিক্রির সময় অসদুপায়ে গ্রাহকদের অতিরিক্ত ফিঙ্গারপ্রিন্ট রেখে ভুয়া সিম সচল করতেন, যা পরবর্তীতে প্রতারণার কাজে ব্যবহৃত হতো।
এরই ভিত্তিতে গত ১৯ আগস্ট দিনাজপুর থেকে শাহিন ও সঞ্জয়কে গ্রেপ্তার করে সিআইডি। মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক প্রভাষ মল্লিক আসামিদের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন জানান। বৃহস্পতিবার রিমান্ড আবেদনের ওপর শুনানি শেষে যশোর আদালতের বিচারক প্রত্যেকের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।