ক্রীড়া ডেস্ক
ছবি: সংগৃহীত
লা লিগার নতুন মৌসুম শুরুর আর মাত্র কয়েক দিন বাকি। এর মধ্যেই স্কোয়াডের মূল ঘাটতি মেটাতে গিয়ে দলবদলের বাজারে ঘাম ঝরাচ্ছে বার্সেলোনা। কোচ হান্সি ফ্লিকের প্রধান লক্ষ্য একজন খাঁটি সেন্টার ফরোয়ার্ড। আতলেতিকো মাদ্রিদ থেকে হুলিয়ান আলভারেজকে ন্যু ক্যাম্পে আনার চেষ্টা বেশ কিছুদিন ধরেই চলছে। তবে সময় যত গড়াচ্ছে, এই চুক্তি শেষ করা বার্সেলোনার জন্য ততই কঠিন হয়ে পড়ছে। ফলে বাধ্য হয়েই বিকল্প ভাবনায় যেতে হচ্ছে কাতালান পরাশক্তিদের, যেখানে নতুন সংযোজন আর্সেনালের সুইডিশ গোলমেশিন ভিক্টর ইয়োকেরেস।
স্প্যানিশ স্পোর্টস শো 'এল চিরিঙ্গাতো'-এর সাংবাদিক হোসে আলভারেজের তথ্যমতে, আলভারেজকে না পাওয়া গেলে বিকল্প হিসেবে ফ্লিকের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছেন ইয়োকেরেস। ২০২৫-২৬ মৌসুমে আর্সেনালের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ২১ গোল করা এই ফরোয়ার্ডকে পেতে দ্রুতই গানার্সদের সাথে আনুষ্ঠানিক আলোচনা শুরু করতে পারে ক্লাবের নীতি নির্ধারকরা। এর আগে বার্সার বিকল্পের তালিকায় ইন্টার মিলানের লাউতারো মার্তিনেজ, স্পোর্টিং লিসবনের লুইস সুয়ারেজ এবং ক্লাবে ব্রুগের নিকোলো ট্রেসোল্ডির নামও উঠে এসেছিল।
বার্সেলোনার প্রথম পছন্দ এখনও বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজ। স্বয়ং আলভারেজ আতলেতিকো ছেড়ে বার্সায় যোগ দিতে মুখিয়ে থাকলেও বাঁধ সেধেছে রজি ব্লাঙ্কোরা। প্রতিদ্বন্দ্বী ক্লাবের কাছে তারকা স্ট্রাইকারকে বিক্রি করতে নারাজ মাদ্রিদের দলটি। ফলে ট্রান্সফার ফি ও অন্যান্য শর্ত নিয়ে জটিলতা কাটছেই না। এই পরিস্থিতিতে হাত গুটিয়ে বসে না থেকে ইয়োকেরেসের দিকে ঝুঁকছে বার্সা প্রশাসন।
চলতি দলবদলে বেশ সরব সময় পার করছে বার্সেলোনা। ইতোমধ্যে পর্তুগিজ ডিফেন্ডার জোয়াও কানসেলোকে দলে ফেরানো নিশ্চিত করার পাশাপাশি তরুণ ফুটবলার টমি মার্কেস ও জোফ্রে টরেন্টসকে বিদায় জানিয়েছে তারা। এছাড়া ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রিকে দলে ভেড়ানোর কাজও প্রায় শেষ পর্যায়ে। আগামী রোববারের লিগ ওপেনারের আগেই আক্রমণভাগের এই গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান টানতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বার্সেলোনা। শেষ পর্যন্ত আলভারেজ ন্যু ক্যাম্পে আসেন নাকি আর্সেনাল থেকে ইয়োকেরেসকে ছিনিয়ে আনে বার্সা, তা দেখার জন্য এখন কাউন্টডাউন শুরু হয়ে গেছে।